• মেলেনি সোনা বা টাকা, আক্রোশে গোটা বাড়ি গুটখার পিকে ভরিয়ে দিল দুষ্কৃতীরা
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়িতে সোনা বা নগদ কিছুই মেলেনি। সেই আক্রোশ থেকে গোটা বাড়ি গুটখার পিকে ভরিয়ে দিল দুষ্কৃতীরা। নেশার সামগ্রীর খালি প্যাকেটগুলিও বাড়িজুড়ে ছড়িয়ে রেখে যায় তাঁরা। রবিবার গভীর রাতে এমন অবাক করা ঘটনা ঘটেছে মধ্যমগ্রামে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার বাড়িতে। জানা গিয়েছে, মধ্যমগ্রাম পুরসভার উত্তর বীরেশপল্লিতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা হিন্দোলা মুখোপাধ্যায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি বারাসতের শ্বশুরবাড়িতে থাকেন। মাঝেমধ্যে মধ্যমগ্রামের এই বাড়িতে এসে খোঁজখবর নেন। সম্প্রতি বাড়িতে রঙের কাজ চলছিল। নীচতলার গেটের একটি চাবি রঙের মিস্ত্রিদের কাছে ছিল। দোতলার ঘর ও কলাপসিবল গেটে তালা দেওয়া ছিল এবং সেই চাবি শিক্ষিকার কাছেই ছিল। অভিযোগ, রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা চাবি দিয়ে নীচতলার গেট খুলে বাড়ির ভিতরে ঢোকে। এরপর দোতলার ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখান থেকে প্রচুর কাসা-পিতলের বাসনপত্র ও একটি গ্যাসের ওভেন নিয়ে যায় তাঁরা। টাকা ও সোনার গয়নার খোঁজে ঘরের শোকেসের জিনিসপত্র ঘেঁটে তছনছ করা হয়। সোমবার সকালে বাড়িতে এসে চুরির বিষয়টি জানতে পারেন হিন্দোলাদেবী। তিনি বলেন, নীচের গেটের তালা ভাঙা হয়নি, অথচ দোতলার ঘরের তালা ভাঙা। এই ঘটনার সঙ্গে রঙের মিস্ত্রিদের যোগসাজশ থাকতে পারে। বাবা-মায়ের দেওয়া স্মৃতির বাসন নিয়ে ওরা পালিয়েছে।
  • Link to this news (বর্তমান)