গরম পড়তে না পড়তে জল-সংকট বারুইপুর পুর এলাকায়, ভোগান্তি
বর্তমান | ১০ মার্চ ২০২৬
সংবাদদাতা, বারুইপুর: এখনও সেইভাবে গরম পড়েনি। তার আগেই বারুইপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে পানীয় জলের সংকট তৈরি হয়েছে। বাসিন্দাদের ভোগান্তিও চরমে। ট্যাপ কলে পাইপ লাগিয়ে কোনোক্রমে জল পেতে হচ্ছে, নতুবা বাইরে থেকে পানীয় জল কিনে খেতে হচ্ছে। অভিযোগ, নজরদারি নেই পুর কর্তৃপক্ষের। এই প্রসঙ্গে বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বলেন, আমরা বিষয়টি দেখছি।
বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ড। অধিকাংশ ওয়ার্ডে পানীয় জলের বিরাট সমস্যা। এর মধ্যে অনেক ওয়ার্ডেই দীর্ঘদিন ট্যাপ কলের মুখ ভাঙা অবস্থায় পড়ে। ৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, জলের হাল খুব খারাপ। সকালে একবার ট্যাপ কলে জল আসছে। তারপরে সারাদিনে আসছে না। একই কথা ১১ নম্বর ওয়ার্ডের এক গৃহবধূর। তিনি বলেন, দোকান থেকে জল কিনে খেতে হচ্ছে। ট্যাপ কলে কখনও জল এলে, সেই জল পাত্রে ভরতে কয়েক ঘণ্টা সময় লাগছে। এই রকম কষ্ট আর কতদিন পোহাতে হবে জানি না। গরম আরও বেশি পড়লে কী যে অবস্থা হবে, কল্পনাও করতে পারছি না।
১০ নম্বর ওয়ার্ডের এক যুবক বলেন, যেদিন থেকে অম্রুত প্রকল্পের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে, তারপর থেকেই পানীয় জলের সমস্যা বেড়েছে। ট্যাপ কলে পাইপ লাগিয়ে তবে জল নিতে হচ্ছে। জল ঠিক সময়ে পাওয়া যাচ্ছে না। ৬ নম্বর ওয়ার্ডের এক প্রবীণ বাসিন্দা বলেন, কাউন্সিলারদের জানিয়েও কোনো কাজ হয়নি। পানীয় জল দোকান থেকে কিনে আনতেই সব পয়সা চলে যাচ্ছে। ৫ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও বলেন, জল একেবারেই আসছে না ট্যাপ কলে। কবে অম্রুত প্রকল্প হবে, সেই আশায় বসে থাকতে হবে আমাদের?