ভিডিয়ো ভাইরাল করার নেশা, নির্মীয়মাণ ব্রিজের রেলিংয়ের উপর সাইকেলের স্টান্ট
বর্তমান | ১০ মার্চ ২০২৬
সংবাদদাতা, বসিরহাট: ভাইরাল হওয়ার নেশায় প্রতিযোগিতায় নেমেছে আট থেকে ৮০। বিভিন্ন ভালো-খারাপ ঘটনার ভিডিও বানিয়ে আপলোড করার প্রতিযোগিতায় মেতেছেন সকলে। হেঁসেল থেকে খেলার মাঠ, আইটি সেক্টর থেকে ইটভাটা, পাহাড়ে ট্রেকিং থেকে সাগরে স্নান, কী করে ভিডিয়ো ভাইরাল করা যায়, সবাই সেই খোঁজে ব্যস্ত। এবার দেখা গেল, ভিডিও ভাইরাল করার নেশায় লোকেরা ভিড় জমাচ্ছেন বাদুড়িয়ার ইছামতী নদীর কাটাখালিতে নির্মীয়মাণ সেতুর উপর। বসিরহাট মহাকুমার বিভিন্ন এলাকা থেকে আসছেন অল্পবয়সি ‘কনটেন্ট ক্রিয়েটররা’। বিকেল হলেই সেতুর উপর চলছে ভোজপুরি গানের তালে নাচ। ভাইরাল হওয়ার তাড়নায় সেতুর উপর মোটরবাইক নিয়ে এমনকী রেলিংয়ের উপর উঠেও সকলে স্টান্ট দেখাচ্ছেন। ফলে ঘটে চলেছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, হাত কেটে যাওয়া, পা মচকানো থেকে হাত-পা ভাঙার মতো ঘটনাও রোজ ঘটছে ব্রিজে। সেতুর দুই পাশে পূর্তদপ্তর ‘নো এন্ট্রি’ বোর্ড টাঙিয়ে দিয়েছে। তবুও তার পরোয়া করছেন না এই কনটেন্ট ক্রিয়েটররা। স্থানীয়দের দাবি, আমরা চাই ব্রিজ চালু না হওয়া পর্যন্ত বাদুড়িয়া লরি স্ট্যান্ড ও ফরিদকাঠি এলাকায় অস্থায়ী পুলিশ পিকেট বসানো হোক।
বাদুড়িয়ার এক সংস্কৃতিক কর্মী গৌতম গুপ্ত বলেন, ফোন খুললেই এখন বাদুড়িয়া ব্রিজ নিয়ে ভিডিও ভেসে ওঠে। প্রথমে ভেবেছিলাম এগুলি বুঝি এলাকার মানুষের আবেগ। কিন্তু মাঝে একদিন দেখলাম যে, সাইকেল নিয়ে ব্রিজের রেলিংয়ের উপর জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এক যুবক। এটা দেখে আমি রীতিমতো স্তম্ভিত। অনেকেই আমরা নাচ-গান পছন্দ করি। কিন্তু এ যা হচ্ছে, তা তো বিপদের কারণ হয়ে দাঁড়াবে! ভারসাম্য সামান্য হারালেই সাইকেল নিয়ে সোজা ইছামতীর জলে। তাই আমি চাই এই সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হোক।
এই বিষয়ে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, দিনরাত ধরে অল্পবয়সি ছেলেমেয়েরা ব্রিজের উপর নানা কায়দা দেখাচ্ছেন। এতে তাঁদের প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। অনেকে আহতও হচ্ছেন। তবুও তারা ভাইরালের নেশায় জীবনের ঝুঁকি নিয়ে এইসব কাজ করে চলেছেন। প্রশাসন অবিলম্বে বাদুড়িয়ায় এই নির্মীয়মাণ ব্রিজের উপর ওঠা বন্ধ করুক।
বাদুড়িয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম মানিরা পারভিন। তিনি বলেন, বাদুড়িয়ার বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে এই ব্রিজ নির্মাণের মধ্যে দিয়ে। আমরা যাঁরা ভিডিও বানাই, তাঁরা কিছুদিন পর ব্রিজ চালু হয়ে গেলে ‘সেলিব্রেশন ভিডিও’ করব। আপাতত কিছুদিন অন্য ভিডিও তোলা বন্ধ থাক। বাদুড়িয়ার এক শিক্ষক অনিমেষ মণ্ডল জানান, সকলের কাছে আমার অনুরোধ, ঝুঁকি নিয়ে রিল তুলবেন না। যাঁরা এমন কাজ করছেন, প্রশাসন তাঁদেরকে সাবধান ও সতর্ক করুক।