• কলেজ স্কোয়ারে শুরু বসন্ত বইমেলা
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘বসন্ত এসে গেছে।’ ফাল্গুনের ডালে ডালে এখন লাল শিমুল-পলাশ। নতুন কচি পাতা গজিয়ে উঠছে গাছে। দোল উৎসব শেষ হয়েছে সবে। হাতে এখনও রঙের চিহ্ন। বই ও ঋতুকে সামনে রেখে সোমবার থেকে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যানে শুরু হয়েছে ‘বসন্ত বইমেলা’। বইমেলা মানেই পাঠকদের একটাই জিজ্ঞাসা—ছাড় কত শতাংশ? কলকাতা বইমেলায় ১০ শতাংশ ছাড় হলেও এই বসন্ত বইমেলায় ন্যূনতম ছাড় ২০ শতাংশ। তবে গিল্ডের দাবি, কেউ চাইলে বাড়তি কমিশন দিতেই পারেন, কোনও বাধা নেই। তাতে পাঠকদের মুখে হাসির ঝলক।
    ৩ ফেব্রুয়ারি শেষ হয়েছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। গতবছর ২৭ লক্ষ মানুষ হাজির হয়েছিলেন। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার। গিল্ডের হিসেব অনুযায়ী, এবার ৩২ লক্ষ মানুষ হাজির হয়েছেন। বই বিক্রি হয়েছে সাড়ে ২৬ কোটিরও বেশি, প্রায় ২৭ কোটির কাছাকাছি। অর্থাৎ, গতবারের চেয়ে এবার ভিড় ও বিক্রি বেড়েছে ১৫ শতাংশ। কলকাতা বইমেলার পর কলেজ স্কোয়ারে এই বইমেলা শুরু হয়। গতবছর শুরু হয়েছিল বসন্তের পর এবং পয়লা বৈশাখের প্রাক্কালে। গতবার নাম ছিল, বইপাড়ায় বই উৎসব। এবার নাম দেওয়া হয়েছে, বসন্ত বইমেলা।

    সোমবার বইপাড়ার পাশে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যানে সাড়ম্বরে এই বসন্ত বইমেলার উদ্বোধন হল। উদ্যোক্তা গিল্ড। সহযোগিতায় কলকাতা পুরসভা। এই মেলা চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি জয় গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক সাহিত্যিক ও বহ বিশিষ্টজন। পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, যুগ্ম সম্পাদক শুভঙ্কর দে সহ পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন।

    ত্রিদিববাবু বলেন, এখানে ন্যূনতম ২০ শতাংশ ছাড়। কেউ চাইলে তার বেশি দিতেও পারেন। সুধাংশুবাবু বলেন, কলকাতা বইমেলায় ১০ শতাংশ থাকে। বইপাড়ায় বইমেলা হচ্ছে। তা‌ই ২০ শতাংশ মিলবেই। সেই সঙ্গে বাড়তি কমিশনের সুযোগও রয়েছে। আমাদের পক্ষ থেকে কোনও বাধ্যবাধকতা নেই। আমরা চাই, পাঠকরা আসুন। বসন্ত বইমেলা থেকে সকলে বই সংগ্রহ করুন।
  • Link to this news (বর্তমান)