• বিজেপির পরিবর্তন যাত্রা থেকে তৃণমূল অফিসে হামলার অভিযোগ বারাসতে
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: পরিবর্তন যাত্রা থেকে আইএনটিটিইউসি কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। পার্টি অফিসের চেয়ার ভাঙচুর করা হয়। ঘটনাকে ঘিরে সোমবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বারাসতে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    বিকেলে বিজেপির পরিবর্তন যাত্রা পৌঁছয় জেলা সদর বারাসতের ন’পাড়া হাউজিং মোড়ে। রথে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, বিজেপির বারাসতের সভাপতি রাজীব পোদ্দার, প্রাক্তন সভাপতি শংকর চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব। এরপর রথ এসে পৌঁছয় হেলাবটতলা মোড়ে। সেখানে বারাসত সাংগঠনিক জেলার প্রচুর বিজেপি নেতা-কর্মী জড়ো হয়েছিলেন। এর জেরে ব্যস্ত ১২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেই সময় হেলাবটতলা মোড়ে বারাকপুর রোডের সংযোগ স্থলে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীরা। পুরসভার দুই মহিলা কাউন্সিলার শিল্পী দাস ও মৌমিতা দত্তও ছিলেন। দলীয় ফ্ল্যাগ হাতে ছিল তৃণমূলের কর্মীদের। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যের শেষ দিকে হঠাৎই পরিবর্তন যাত্রার মিছিল থেকে বিজেপির কয়েকজন কর্মী চোর চোর স্লোগান শুরু করে। পালটা হিসাবে তৃণমূলের কর্মীরাও তোলেন জয় বাংলা স্লোগান। দু’পক্ষের স্লোগান, পালটা স্লোগানে উত্তেজনা তৈরি হয়। বিজেপির একদল কর্মী রাস্তা পার হয়ে তৃণমূল শ্রমিক ইউনিয়নের পার্টি অফিসের সামনে এসে হামলা শুরু করে বলে অভিযোগ। পার্টি অফিসের সামনে রাখা কয়েকটি বাইক রাস্তায় ফেলে শুরু হয় ভাঙচুর। পার্টি অফিসের চেয়ার ভাংচুর করা হয়। বিজেপি কর্মীদের সংখ্যা বেশি থাকায় তৃণমূলের দুই কাউন্সিলার সহ মহিলারা কোনোরকমে পাঁচিল টপকে পালিয়ে যান। বারাসত থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলার শিল্পী দাস ও মৌমিতা দত্ত বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি ও এসআইআরের প্রতিবাদে দলীয় কর্মসূচির জন্য আমরা পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে ছিলাম। মহিলা কর্মীও ছিলেন। পরিবর্তন যাত্রা থেকে বিজেপির গুন্ডা বাহিনী এসে পার্টি অফিসে হামলা চালিয়েছে। মহিলাদের নিয়ে এত বড়ো বড়ো কথা বলে বিজেপি। এদিন পরিবর্তন যাত্রার মধ্যেই মহিলাদের উপর হামলা করার জন্য বিজেপি কর্মীরা এসেছিলেন। বিজেপির রাজ্য নেতৃত্ব লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কর্মীদের প্ররোচনার জন্যই এটা ঘটেছে।

    অন্যদিকে, পরিবর্তন যাত্রার আগে সোমবার সকালে বামনগাছি চৌমাথায় দলীয় পতাকা লাগাতে গিয়ে বিজেপির ৪ মণ্ডলের সভাপতি স্বরূপ সাহা সহ দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দত্তপুকুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন আক্রান্তরা।
  • Link to this news (বর্তমান)