পাণ্ডুয়ায় শুরুই হয়নি দুই গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার
বর্তমান | ১০ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাস্তার কাজের অনুমোদন মিলেছে। ঘোষণাও হয়ে গিয়েছে নাগরিক মহল্লায়। তা নিয়ে শাসকদলের তরফে প্রচারেরও শেষ নেই। কিন্তু রাস্তার কাজের জন্য পিচ বা পাথর, কিছুই পড়েনি। নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে রাস্তাটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পাণ্ডুয়ায়।
পাণ্ডুয়া সদর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ থেকে মিরেপাড়া ও জয়পুর থেকে পাণ্ডুয়া স্টেশন পর্যন্ত রাস্তা নিয়ে নাগরিকদের মধ্যে ক্ষোভ তীব্র হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, শুধু অনুমোদন হয়েছে বলে প্রচার করা হয়েছে। আসলে রাস্তার কাজ করার ইচ্ছা স্থানীয় পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ– কারও নেই। নির্বাচনের প্রাক্কালে একে ঘিরে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিরোধীরাও।
যদিও পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি বলেন, উন্নয়নের কাজ আমরা ফেলে রাখি না। দ্রুত ওই রাস্তা দু’টি তৈরির কাজ শুরু হবে। নাগরিকদের উদ্বেগের কোনও কারণ নেই। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, রাস্তার কাজ কেন শুরু হয়নি, তা খোঁজ নিয়ে দেখব। তবে যে হেতু আগেই রাস্তার অনুমোদন হয়ে গিয়েছে তাই, ভোট ঘোষণা হলেও কাজ করতে সমস্যা হবে না। মানুষের ক্ষোভ মেটাতে সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতা আনিসুল ইসলামও বলেন, রাস্তার কাজ হবেই। ঠিক কী সমস্যা হচ্ছে, তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হবে।
অন্যদিকে, স্থানীয় সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, রাস্তা তৈরির কোনও পরিকল্পনা রাজ্য সরকারের ছিল না। কিন্তু ভোট আসন্ন বলে একগুচ্ছ রাস্তার কাজের ঘোষণা করে দিয়েছে। গ্রামের সাধারণ মানুষের সামনে রাস্তার গাজর ঝুলিয়ে ভোট নেওয়ার ফিকির করেছে তৃণমূল। আমরা পরিস্থিতি দিকে নজর রাখছি।
পাণ্ডুয়া ব্লক সদরের পঞ্চায়েতের বিবেকানন্দ থেকে মিরেপাড়ার দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। বহু আগে সেখানে পাকা সড়ক করা হয়েছিল। কিন্তু সেই রাস্তার পিচ উঠে গিয়ে গর্ত বেরিয়ে গিয়েছে। বহু বছর ধরে কঙ্কালসার সেই রাস্তা নিয়ে গ্রামীণ মানুষের তীব্র ক্ষোভ ছিল। এই অবস্থায় সম্প্রতি পথশ্রী প্রকল্পের আওতায় ওই রাস্তা সংস্কারের কাজ অনুমোদন হয়। কিন্তু সেই ঘোষণার পরেও অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। রাস্তার ধারে কাজের বোর্ড বসে গিয়েছে। কিন্তু এক টুকরো পাথরও ফেলা হয়নি।
অন্যদিকে, জয়পুর থেকে পাণ্ডুয়া স্টেশনের রাস্তাটি ব্লক সদরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। বর্ধমানের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ট্রেন ধরার জন্যও ওই রাস্তায় প্রচুর যানবাহন চলে। সেই রাস্তাটিকেও পথশ্রী প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু কাজ শুরু হয়নি। সব মিলিয়ে ক্ষুব্ধ পাণ্ডুয়ার নাগরিক মহল।