উলুবেড়িয়ায় বেপরোয়া বাইকের তাণ্ডব, ধাক্কায় মৃত্যু হল প্রৌঢ়ের
বর্তমান | ১০ মার্চ ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: রাত বাড়লেই উলুবেড়িয়া শহরে বাইকের দাপাদাপি বাড়ে। ফলে দুর্ঘটনা যে সময়ের অপেক্ষা, সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রবীণ নাগরিকরা। তাঁদের সেই আশঙ্কাই সত্যি হল। রবিবার গভীর রাতে বেপরোয়া গতিতে আসা বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও ছ’জন। দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া ওটি রোডে বাজারপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বৈদ্যনাথ করণ (৫২)। বাড়ি উলুবেড়িয়া থানার বহিরা গ্রাম পঞ্চায়েতের বীরুপুর গ্রামে। বৈদ্যনাথবাবু উলুবেড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিরাপত্তরক্ষীর কাজ করতেন। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ বাইকটিকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত আড়াইটে নাগাদ উলুবেড়িয়া শহরের বাজারপাড়ায় ওটি রোডের পাশে থাকা একটি বেসরকারি নার্সিংহোমে এক রোগীকে নিয়ে আসা হয় ভরতি করার জন্য। নার্সিংহোম সূত্রে খবর, ওই নিরাপত্তারক্ষী সহ তিনজন তখন অ্যাম্বুলেন্স থেকে রোগীকে নামানোর চেষ্টা করছিলেন। সেই সময় উলুবেড়িয়া স্টেশনের দিক থেকে গঙ্গারামপুর মোড়ের দিকে বেপরোয়া গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রোগীর আত্মীয় ও নার্সিংহোম কর্মীদের ধাক্কা মারে। দুর্ঘটনায় দুই বাইক আরোহী সহ সাতজন ছিটকে পড়েন রাস্তায়। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজ এবং ওই নার্সিংহোমে ভরতি করা হলে চিকিৎসক বৈদ্যনাথবাবুকে মৃত বলে ঘোষণা করেন। বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
শহরের প্রবীণ নাগরিকদের বক্তব্য, সন্ধ্যা নামলেই উলুবেড়িয়া শহরে বাইকের দাপাদাপি শুরু হয়। বিকট শব্দে বেপরোয়াভাবে বাইক চালানোয় প্রাণ হাতে নিয়ে চলতে হয় পথচারীদের। এই বাইক দৌরাত্ম্যের কারণেই মৃত্যু হল এক নিরীহ নাগরিকের। অবিলম্বে এই বাইকচালকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।