নিজস্ব সংবাদদাতা, রানাঘাট : যুদ্ধ আবহে বাংলায় আটকে ফরাসি দুই নাগরিক। নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত উষাগ্রাম ট্রাস্টে এসে এখন রীতিমতো দুর্ভোগের শিকার ফ্রান্সের বাসিন্দা জয়েল উডো এবং রবার্ট কেরি।
এ বিষয়ে জয়েল উডো বলেন, গত ১২ জানুয়ারি তিনি এবং তাঁর বন্ধু রবার্ট কেরি নদীয়ার ঊষা গ্রামে আসেন। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ পরিস্থিতির জন্য প্লেনের টিকিট পেতে হয়রানি হতে হচ্ছে তাঁদের।
আগামী ১৩ মার্চ তাঁদের ফ্রান্সে ফিরে যাওয়ার কথা। কিন্তু বর্তমানে বেশ কিছু উড়ান বাতিল হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে এই দুই ফরাসি নাগরিককে। জয়েল উডো বলেন, আগামী ১৭ মার্চ ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হচ্ছে। সে ক্ষেত্রে ১৩ তারিখের মধ্যে যদি টিকিট পাওয়া যায় , তাহলে ঘুরপথে হলেও সে দেশে ফিরতে পারবে। কিন্তু বর্তমানে বিমানের টিকিট না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাতে হচ্ছে দুই বিদেশিকে। যদিও ঊষাগ্রাম ট্রাস্ট এর তরফে জানানো হয়েছে জুয়েল এবং রবার্ট বর্তমানে যে অসুবিধার সম্মুখীন হয়েছেন তা নিয়ে তাঁরাও উদ্বেগে রয়েছে।
এদিকে, কর্তৃপক্ষ সূত্রে আরও খবর, ফ্রান্স থেকে আরও একটি যোগা প্রশিক্ষণের টিম ঊষা গ্রামে এসেছিলেন। তাঁরা সঠিক সময়ে পৌঁছাতে পেরেছেন। বর্তমানে যুদ্ধ আবহে এখন বিমানের টিকিট না পেয়ে রীতিমতো অনিশ্চয়তা এবং চিন্তার মধ্যে দিয়েই দিন কাটাচ্ছেন ফ্রান্সের দুই বাসিন্দা জয়েল ও রবার্ট।