• ধাপা প্রকল্পের জন্য মায়ের ঘাটে বাড়তি জল উত্তোলন
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • অর্ক দে, কলকাতা: ধাপা জলপ্রকল্পে বাড়তি পরিস্রুত জল উৎপাদনের নয়া ইউনিট তৈরি করছে কলকাতা পুরসভা। এই কাজে অতিরিক্ত গঙ্গার জল প্রয়োজন। তাই গঙ্গা থেকে বাড়তি জল তুলতে বাগবাজারে মায়ের ঘাটে থাকা ইনটেক জেটির পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা হয়েছে। সেখানে বসবে আধুনিক পাম্প, নতুন যন্ত্রপাতি।

    ধাপায় বর্তমানে দৈনিক ৩০ মিলিয়ন গ্যালন বা ১১ কোটি ৩৫ লক্ষ ৬২ হাজার ৩০০ লিটার জল উৎপাদন হয়। সেই পরিস্রুত পানীয় জলের জন্য বাগবাজারে মায়ের ঘাট থেকে গঙ্গার জল উত্তোলন হয়। এখন মায়ের ঘাটে গঙ্গার জল তোলার যে ইনটেক জেটি রয়েছে, সেখানে চারটি পাম্প রয়েছে। তার মধ্যে দু’টি নিয়মিত কার্যকর। দু’টি রয়েছে বিকল্প হিসেবে। দু’টি পাম্পের মাধ্যমে দৈনিক ৩৬.৭৬ মিলিয়ন গ্যালন অর্থাৎ ১৩ কোটি ৯১ লক্ষ ৫৩ হাজার ৭৪৫.১২ লিটার জল গঙ্গা থেকে তোলা হয়। তা সরাসরি যায় ধাপা জল প্রকল্পে। সেখানে পরিস্রুত পানীয় জল উৎপাদন হয়। বর্তমানে ধাপার প্রকল্প সম্প্রসারণের কাজ চলছে। সেখানে দৈনিক আরও ২০ মিলিয়ন গ্যালন অর্থাৎ ৭ কোটি ৫৭ লক্ষ ৮২ হাজার ৩৫.৭ লিটার জল উৎপাদনের ইউনিট তৈরি হচ্ছে। এর জন্য বাড়তি জল উত্তোলনের প্রয়োজন। তাই মায়ের ঘাটে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করতে চলেছে পুরসভা। জল উত্তোলনের পরিমাণ প্রায় দ্বিগুণ হবে। জানা গিয়েছে, রোজ ৫৮ মিলিয়ন গ্যালন বা ২১ কোটি ৯৫ লক্ষ ৫৩ হাজার ৭৮০ লিটার জল গঙ্গা থেকে তোলা হবে। তার জন্য পরিকাঠামাগত উন্নয়ন জরুরি। তাই পুরনো পাম্প ও যন্ত্রপাতি বদলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ডিপিআর তৈরি হয়েছে। মেয়র পরিষদের অনুমোদন মিলেছে। প্রায় সাড়ে আট কোটি টাকা খরচ করে খোলনলচে বদলানো হবে মায়ের ঘাট ইনটেক জেটির। পুরসভার জল সরবরাহ বিভাগের এক কর্তা বলেন, বড়ো আকারের চারটি আধুনিক পাম্প বসবে। পুরনো নিয়মেই দু’টি নিয়মিত কাজ করবে। বাকি দু’টি বিকল্প হিসেবে থাকবে। যতক্ষণ পর্যন্ত পাম্পগুলি আমরা হাতে না পাচ্ছি ততক্ষণ জোরকদমে কাজ করা যাবে না। কারণ নির্বাচনের মধ্যে কাজ করতে গিয়ে জল সরবরাহ বিঘ্নিত হলে সমস্যা দেখা দিতে পারে। তাই পাম্পগুলি হাতে আসা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।

    দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতায় পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে চায় পুরসভা। তাই ধাপার মতো গড়িয়া ঢালাই ব্রিজের কাছে নয়া একটি জলপ্রকল্প চালুর তোড়জোড় চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি। এই প্রকল্প চালু হলে টালিগঞ্জ, যাদবপুর সহ ইএম বাইপাসের বিস্তীর্ণ এলাকার কয়েক লক্ষ বাসিন্দা উপকৃত হবেন। তবে জলপ্রকল্প গড়লেই হবে না। জল সরবরাহের জন্য লাগবে পর্যাপ্ত পাইপলাইন। পুরসভা সূত্রে খবর, তার জন্য প্রায় ৩৫০ কোটি টাকা খরচে প্রায় ১০০ কিলোমিটারের বেশি নতুন পাইপলাইন পাতা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)