যুবসাথীর সঙ্গে এসআইআরের সম্পর্ক নেই, গুজব ছড়ালে কড়া ব্যবস্থা
বর্তমান | ১০ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরে বিচারাধীন থাকলে যুবসাথী পাবেন না। এমন গুজব ছড়াচ্ছে জেলায় জেলায়। রাজ্যের নির্দেশিকা বলে চালানো হচ্ছে। অথচ, এমন কোনো নির্দেশিকা সম্পর্কে ওয়াকিবহাল নয় নবান্নই। ফলে কোনো আধিকারিকের বিরুদ্ধে এমন খবর ছড়ানোর অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করা হবে বলেই সাফ জানিয়ে দিল রাজ্য সরকার।
ইতিমধ্যে শনিবার থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। ১ এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা থাকলেও আন্তর্জাতিক নারী দিবস উপহার হিসেবে শনিবার থেকেই প্রায় ৮০ লক্ষ যুবক-যুবতীকে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনামঞ্চ থেকে শনিবার এই টাকা দেওয়া চালু হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই চালু হয় টাকা দেওয়ার কাজ। ফলে এই পরিস্থিতিতে এই প্রকল্প নিয়ে কোনো ভিত্তিহীন রটনা চাইছে না নবান্ন।
একাধিক জেলায় যুবসাথী প্রকল্পের প্রাপকদের মধ্যে কারা বিচারাধীন তাঁদের তালিকা তৈরি করা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। যা নিয়ে সমাজ মাধ্যমেও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিন শট ছড়িয়ে পড়ে। যা দেখে নবান্নের আধিকারিকরা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন। এই প্রকল্প নিয়ে মানুষের মধ্যে কোনোরকম বিভ্রান্তি চায় না রাজ্য। এসব এড়ানোরই নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। তবে এই প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের জমা দেওয়া নথি যাচাই করে নেওয়া হচ্ছে।