• জাল শংসাপত্রে প্রতিবন্ধী কোটায় রেলের টিকিট কাটার চক্র সক্রিয়! তদন্তে রেল পুলিশ
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: বিশেষভাবে সক্ষমদের কোটায় রেলের টিকিট পেতে জাল প্রতিবন্ধী সার্টিফিকেট বিক্রির চক্র সক্রিয় কলকাতা সহ বিভিন্ন জেলায়। বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে এই দালাল চক্র। টাকার বিনিময়ে ভুয়ো চিকিৎসকের নাম ও মনগড়া রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইস্যু হচ্ছে এই জাল সার্টিফিকেট। এমনকি, বিভিন্ন ট্রাভেল এজেন্সি এই সার্টিফিকেট কিনে তা দেখিয়ে তুলে নিচ্ছে কোটার রেল টিকিট। পরে তা বিক্রি করছে চড়া দামে। জাল প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে টিকিট কেটে এক ব্যক্তি ধরা পড়ার পর তদন্তে নেমে এই তথ্য হাতে পেয়েছে রেল পুলিশ। জাল মেডিকেল সার্টিফিকেট তৈরির এই চক্রের শিকড় খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    রেল পুলিশ সূত্রে খবর, ১৯ ফেব্রুয়ারি উত্তর কলকাতার বাসিন্দা বিজয়কুমার জয়সওয়াল জৌনপুর যাওয়ার জন্য কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসের বি-৪ কোচে ওঠেন। তিনি প্রতিবন্ধী কোটায় টিকিট কেটেছিলেন। সঙ্গে রেখেছিলেন সেই সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট। কর্তব্যরত টিকিট পরীক্ষক তাঁর টিকিট দেখেই বুঝতে পারেন, সেটি প্রতিবন্ধী কোটা কাটা হয়েছে। তখন তিনি মেডিকেল সার্টিফিকেট দেখতে চান। ওই যাত্রীর সার্টিফিকেটটি ইস্যু করেছেন কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন ডাঃ অজয়কুমার জানা। সেখানে তাঁর রেজিস্ট্রেশন নম্বর দেওয়া ছিল। টিকিট পরীক্ষক অনলাইনে রেজিস্ট্রেশন নম্বরটি যাচাই করতে গিয়ে দেখেন সেটি জাল। নকল প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে কোটায় টিকিট কাটার কারণে তাঁকে বর্ধমান জিআরপির হাতে তুলে দেয় রেল কর্তৃপক্ষ।

    তাঁকে জেরা করে রেল পুলিশ জানতে পারে, কিছুদিন আগে তিনি চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালেই এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। কথায় কথায় তিনি বলেন, ট্রেনের কনফার্মড টিকিট দরকার। দালাল লুফে নেয় কথাটি। বলে, সে প্রতিবন্ধী সার্টিফিকেট করিয়ে দেবে। ওই নথি দিয়েই বিজয়বাবু প্রতিবন্ধী কোটায় রেলের টিকিট কাটতে পারবেন। শেষমেশ মেডিকেল সার্টিফিকেট হাতে দিয়ে দু’হাজার টাকা নেয় ওই ব্যক্তি। তাই দিয়ে টিকিট কাটেন ওই যাত্রী।

    ট্রেনে প্রতিবন্ধীদের জন্য আলাদা কোটা রয়েছে। ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেট জমা করে ওই কোটায় টিকিট কাটা হচ্ছে বলে জানতে পারে রেল পুলিশ। ভিন রাজ্যে চিকিৎসা করাতে যাওয়ার জন্য অনেকেই হন্যে হয়ে টিকিট খোঁজেন। এমন রোগী বা তাঁর পরিবারকে টার্গেট করছে এই চক্রের লোকজন। তাঁদের বলা হচ্ছে, টাকার বিনিময়ে প্রতিবন্ধী সার্টিফিকেট মিলবে। ওই সার্টিফিকেট দেখিয়ে রেলের কনফার্ম টিকিট পেয়ে যাবেন তাঁরা। টিকিট কেটে দেওয়ার ক্ষেত্রেও তারা সাহায্য করতে পারে। কেউ এই টোপ গিললে তারা এসএসকেএম, মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি হাসপাতালের নামী চিকিৎসকের নাম ব্যবহার করে তাঁদের নামে ভুয়ো মেডিকেল সার্টিফেকেট তৈরি করছে। তাতে জাল রেজিস্ট্রেশন নম্বর থাকছে। একইসঙ্গে বিভিন্ন ট্রাভেল এজেন্সিও ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেট জমা করে গুচ্ছ গুচ্ছ টিকিট কিনছে। টিকিট কাটার সময় যে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হচ্ছে, তা যাচাই না করেই প্রতিবন্ধী কোটায় ইস্যু হয়ে যাচ্ছে টিকিট। এই চক্রে যে দালালরা জড়িত, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে রেল পুলিশের আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)