মহানগরে তাপপ্রবাহের দিন বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের
বর্তমান | ১০ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত হল ক্লাইমেট ফেস্ট ২০২৬। আলোচনা থেকে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি জলবায়ু পরিবর্তনের মোকাবিলা না করলে বিপদ আসন্ন।
একেবারে তথ্য দিয়ে তাঁরা বুঝিয়ে দেন, গত ৫০ বছরে কলকাতা শহরের গড় তাপমাত্রা বেড়েছে ১.২ ডিগ্রি সেলসিয়াস। নয়ের দশকে যেখানে তাপপ্রবাহ থাকত ৫-৬ দিন। সেখানেই ২০২৫ সালে তাপপ্রবাহ ছিল ১২ দিন। শুধু তাই নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আগামী দিনে তাপপ্রবাহের দিনের সংখ্যা আরও বাড়তে পারে। তাই দ্রুত জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা জরুরি। তাঁরা আরও বলেছেন, এর ফলে দরিদ্র ও বস্তি অঞ্চলের মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এর পাশাপাশি বায়ুদূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। কলকাতা শহরে পিএম ২.৫ এর মাত্রা হু-এর নিরাপদ সীমার প্রায় ৪ গুণ। প্রফেসর অভিজিত্ চট্টোপাধ্যায় বলেন, মিথেন নির্গমন ও শিল্প দূষণ শহরের বায়ু আরও খারাপ করছে। এর পাশাপাশি বিশেষজ্ঞরা বলেন, হুগলি নদীর প্রবাহ ২০ বছরে ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। প্রফেসর বিশ্বজিত্ রায়চৌধুরী সতর্ক করেছেন নদীর দখলদারি থামাতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতিবছর গড়ে ৩.১৪ মিমি বাড়ছে, তা নিয়েও গভীর উদ্বেগ করেছেন বিশেষজ্ঞরা। এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য প্রায় ৪০ লক্ষ মানুষ সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছেন। ক্লাইমেট ২৪-এর সম্পাদক সন্দীপ চক্রবর্তী বলেন, আগামীদিনে এই আলোচনা কর্পোরেশন স্কুল ও সরকারি কলেজে পৌঁছে দেওয়া হবে। এই ফেস্ট থেকে সম্মানিত করা হয় পর্বতাভিযানে পরিবেশ বার্তা বহন করার জন্য পিয়ালি বসাক, কার্বন ক্যাপচার প্রকল্পের জন্য সোমা মিত্র মুখার্জি ও বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বৈতালি মুখোপাধ্যায়কে।