নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করে দেড় কোটি টাকা খোয়ালেন এক ডেন্টাল সার্জেন। এ ব্যাপারে প্রতারিত চিকিৎসক বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, ফোনে বা অনলাইনে বিনিয়োগ করে প্রতারণার ঘটনা হামেশাই ঘটে। কিন্তু, এক্ষেত্রে সশরীরে চুক্তির পর বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। জীবনের সমস্ত সঞ্চয়ের টাকা তিনি বিনিয়োগ করেছিলেন। সেই টাকা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই প্রবীণ চিকিৎসক। অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি খোয়ানো টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসক অভিযোগপত্রে গত ৪ বছরের সমস্ত ঘটনা উল্লেখ করেছেন। যাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তাঁর সঙ্গে ২০২২ সালে চিকিৎসক দম্পতির পরিচয় হয়েছিল। ওই ব্যক্তির বাড়ি সল্টলেকে বিধাননগর উত্তর থানার অধীনে। পরিচয়ের পর ওই ব্যক্তি চিকিৎসককে জানান, তাঁদের একটি ফার্ম রয়েছে। তাঁরা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। ধীরে ধীরে তাঁরা হসপিটালিটি, গার্মেন্টস, প্যাসেঞ্জার ভেহিকেলস প্রভৃতিতে বিনিয়োগ এবং ব্যবসা করবেন। ইচ্ছা করলে আপনারা এই ফার্মে যোগ দিতে পারেন।
চিকিৎসক পুলিশকে জানান, ফার্মে যুক্ত হওয়ার সময় তাঁর সঙ্গে একটি চুক্তিপত্র হয়েছিল। তাতে ঠিক হয়েছিল, লভ্যাংশ ফিফটি-ফিফটি হবে। অর্থাৎ, লাভের অর্ধেক অংশ পাবেন চিকিৎসক। চুক্তি মোতাবেক ওই চিকিৎসক ১ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে ফেলেন। গত এপ্রিল মাসে চিকিৎসকের কাছ থেকে তাঁর চুক্তিপত্র চেয়ে নেওয়া হয়। বলা হয়, তাঁদের কাছে যে কপি ছিল, সেটি হারিয়ে গিয়েছে। টেকনিক্যাল কারণেই ওই চুক্তিপত্রটি দরকার। এরপরই চিকিৎসকের সঙ্গে সমস্ত ব্যবসায়িক চুক্তি অস্বীকার করা হয় বলে অভিযোগ। তাঁর টাকাও ফেরত দেওয়া হয়নি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে প্রতারিত ডেন্টাল সার্জেন গত ৫ মার্চ বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।