• বন্যজন্তুর হামলা বাড়ছে, ফের ডিপো অফিস চালু করার দাবি
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, নাগরাকাটা: বন্যজন্তুর আক্রমণ থেকে রেহাই পেতে নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানে একসময় নাথুয়া রেঞ্জ ডিপো অফিস চালু করেছিল। কিন্তু সেই ফরেস্ট ডিপো অফিস বহুদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। তা পুনরায় চালুর দাবি উঠেছে। ১৫ বছর বন্ধ থাকায় ভগ্নপ্রায় অবস্থা এখন ডিপো অফিসের। ইদানিং ঘনঘন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসাতেই এই দাবি জোরালো হয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাসের বেশিরভাগ দিনেই এলাকায় বন্যজন্তুর হানা দিচ্ছে। বিশেষ করে এই বাগানটি জলপাইগুড়ি জেলার মধ্যে হাতিপ্রবণ এলাকা হিসাবে পরিচিত। হাতি ছাড়াও গন্ডার, বাইসন এমনকী চিতাবাঘের হানাও হয় গোরুমারা জঙ্গল ঘেঁষা এই বাগানে। কোনো বন্যপ্রাণী শ্রমিক লাইনে ঢুকে পড়লে খুনিয়া স্কোয়াডে খবর দিতে হয়। কিন্তু ২৫ কিমি দূর থেকে বনকর্মীরা আসতে আসতেই ততক্ষণে দুর্ঘটনা ঘটে যায়। এভাবেই হাতির হামলায় মৃত্যু হয়েছে অনেকের। স্বাভাবিকভাবেই দ্রুত ডিপো অফিসটি চালু করার দাবি উঠে এসেছে।

    স্থানীয় বাসিন্দা মনোজ সিং বলেন, ডিপো অফিসটি চালু করা দরকার। কারণ আগের তুলনায় এখন বন্যপ্রাণীর সংখ্যা বেড়ে যাওয়ায় হামলার ঘটনা প্রায়দিনই হচ্ছে। কখনো চিতাবাঘের আক্রমণে আহত হচ্ছেন শ্রমিকরা, কখনো বাইসনের আক্রমণে। আবার কখনো বন্য শুয়োর অথবা হাতি গ্রামে চলে আসছে। জখম করছে মানুষকে। তাতে লোকজন মারাও যাচ্ছে। আগে যখন এই অফিসে বনকর্মীরা থাকতেন তখন গ্রামে হাতি ঢোকার সঙ্গে সঙ্গেই বনকর্মীরা এসে তাড়িয়ে দিতেন। এখন ২৫ কিমি দূর থেকে জঙ্গল পথে আসতেই পৌনে এক ঘণ্টা সময় লেগে যায়। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে যায়।

    এলাকার আরএক বাসিন্দা ঋতু ভূমিহার বলেন, মাঝেমধ্যে গ্রামে গন্ডারও এসে ঘুরে বেড়ায়। বাইসন তো প্রায়ই আসে। এমনও দিন যায় সকাল-বিকেল হাতি বাগানের শ্রমিক লাইনে ঢুকে ভাঙচুর চালায়।

    বন বিভাগের নাথুয়ার রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন, ওই ডিপো অফিসটিতে একসময় গ্রামবাসীরাই হামলা চালিয়ে ছিলেন। তাই নিরাপত্তার অভাবে বনকর্মীরা সেখানে থাকেন না। যদিও বাসিন্দাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার মধ্যে গোরুমারা ও নাথুয়া রেঞ্জের জঙ্গলের মাঝামাঝি রয়েছে চা বাগানটি। এই বাগানের দক্ষিণের শেষ সীমানায় হাতি লাইনের কাছেই ছিল ডিপো অফিসটি। যেহেতু দু’টি জঙ্গলের মাঝখানে রয়েছে বাগানটি, তাই যেকোনো সময় বন্য জন্তুরা এলাকায় ঢুকে তাণ্ডব চালায়।
  • Link to this news (বর্তমান)