মরচে ধরে ক্ষয়ে গিয়েছে লীলাহাটি সেতুর লোহার কাঠামো, বাড়ছে ঝুঁকি
বর্তমান | ১০ মার্চ ২০২৬
সংবাদদাতা, হলদিবাড়ি: সংস্কারের অভাবে বেহাল দশা সেতুর। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লীলাহাটি সেতুটি লোহার কাঠামোর উপর তৈরি। কিন্তু সেই কাঠামোয় মরচে ধরে একাংশ ক্ষয়ে গিয়েছে। প্রশাসনের নজরদারির অভাবেই বড় ঝিলের উপর থাকা সেতুটি দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। হেমকুমারী থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার একমাত্র এই সেতুর রেলিংয়ের কিছু অংশ ভেঙেছে বহুকাল আগেই।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যামল ব্যাধ জানান, আনুমানিক ৩০ বছর আগে সেতুটি তৈরি হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়নি। কয়েক জায়গায় ভেঙে গিয়েছে রেলিং। লোহার প্রতিটি খুঁটিতে মরচে ধরেছে। সেতুর ওপরেও গর্ত হয়েছে। ভারী যানবাহন চললে সেতু দোলে। ভেঙে পড়লে দুই পারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিপজ্জনক এই সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে। অতীতে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তার পরেও সেতু সংস্কার হয়নি।
আরএক বাসিন্দা মৃন্ময় বর্মনের কথায়, এই সেতুর ওপর দিয়েই এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য গাড়ি, সাইকেল ভ্যানে করে হলদিবাড়ি শহরের পাইকারি বাজারে নিয়ে যান। সময় ও পরিবহণ খরচ বাঁচাতেই ঘুরপথে না গিয়ে ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে তাঁরা চলাচল করছেন এখন। বড়সড় দুর্ঘটনা এড়াতে দ্রুত লীলাহাটির সেতু সংস্কার করা দরকার।
যদিও এ বিষয়ে কোচবিহার জেলা পরিষদের সদস্য আলপনা রায় বলেন, আমি ওই এলাকায় গিয়েছিলাম। জেলা পরিষদের তরফে পূর্তদপ্তরের নজরে এটা আনা হয়েছে। দ্রুত সেতু সংস্কারের ব্যবস্থা করা হবে।