ভূমিদপ্তরের কর্মীর পরিচয় দিয়ে প্রতারণা, টোটোচালকের থেকে সাড়ে ৩২ হাজার টাকা নিয়ে গায়েব
বর্তমান | ১০ মার্চ ২০২৬
সংবাদদাতা, বালুরঘাট: ভূমিদপ্তরের কর্মী পরিচয় দিয়ে জমির রেকর্ড করে দেওয়ার নামে টোটোচালকের থেকে ৩২ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বালুরঘাটে। টাকা নিয়ে ওই প্রতারক গায়েব। প্রতারণার শিকার ওই টোটো চালকের দাবি, ভূমিদপ্তরের যে কর্মীর নাম করে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, সেই নামে এক কর্মী দপ্তরের বালুরঘাট অফিসে রয়েছেন। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে প্রতারণা করেছে প্রতারক। বিষয়টি বুঝতে পেরে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন টোটোচালক অজয় সরকার। ভূমিদপ্তরেও লিখিত অভিযোগ করা হয়েছে।
পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) ইজাম আহমেদ। বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, টোটোচালকের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা শুরু হয়েছে। পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
অজয়ের বাড়ি বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকায়। জমির রেকর্ড করে দেওয়ার নাম করে অজয়ের কাছে সাড়ে ৩২ হাজার টাকা নেয় ওই প্রতারক। অজয় জানান, ওই প্রতারক নিজেকে ভূমিদপ্তরের কর্মী পরিচয় দিয়েছিল। টাকা নিয়ে কাজ করে দেওয়ার আশ্বাস দেয়। কয়েকদিন ধরে ফোন না তোলায় তাঁর সন্দেহ হয়। তিনি ভূমিদপ্তরে এসে ওই ব্যক্তির খোঁজ করেন। কিন্তু অজয় জানতে পারেন, ওই নামে অফিসে এক কর্মী থাকলেও তিনি প্রতারক নন।
পরে অজয় প্রতারকের বাড়ি খুঁজে বের করেন। অভিযুক্তর বাড়ি পতিরাম থানার বাউল এলাকায়। প্রতারিত অজয় বলেন, টোটো চালাতে চালাতে ওই ব্যক্তির সঙ্গে পরিচয়। আমার জমি সংক্রান্ত বিষয়ে জানতে পেরে ওই ব্যক্তি রেকর্ড করে দেওয়ার কথা বলে। সে নিজেকে ভূমিদপ্তরের কর্মী পরিচয় দেয়। আমি বিশ্বাস করে কাগজপত্র ও টাকা দিয়েছিলাম। পরে জানতে পারি, আমার সঙ্গে প্রতারণা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন টোটোচালক।