• মানিকচকে বিচারাধীন সংখ্যালঘুদের বৈঠক, বিডিওর দ্বারস্থ হল তৃণমূল
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, মানিকচক: মানিকচক বিধানসভায় বিচারাধীনের আওতায় প্রায় ৬৫ হাজার ভোটার। যার মধ্যে সিংহভাগ সংখ্যালঘু। এই অবস্থায় ভোটাধিকার হারানোর আশঙ্কায় ভুগছেন ভোটাররা। ভোটাধিকার বজায় রাখতে কোন পথে এগনো যায়, তার রূপরেখা ঠিক করতে মানিকচকের বিভিন্ন জায়গায় বৈঠক করতে শুরু করেছেন সংখ্যালঘুরা। ভোটাধিকার কেড়ে নেওয়া হলে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্ব।

    মানিকচক বিধানসভার মিল্কি, এনায়েতপুর, গোপালপুর, ধরমপুর, নুরপুর সহ প্রায় সাতটি এলাকা সংখ্যালঘু অধ্যুষিত। এই এলাকাগুলিতে প্রায় ৬০ শতাংশ ভোটার বিচারাধীন। যার মধ্যে প্রায় ৯৮ শতাংশ সংখ্যালঘু। ভোটাধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে মানিকচকে বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন সংখ্যালঘুরা। শনিবার রাতে মানিকচকের বরবাগান কাছারি মোড়ে সংখ্যালঘুদের সভা আয়োজন করা হয়। ওই এলাকা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার বিচারাধীন ভোটার সহ উপস্থিত ছিল রাজনৈতিক নেতৃত্ব। তবে কোনো রাজনৈতিক ব্যানারে বৈঠক হয়নি। সেখানে ভোটাধিকার ফিরে পেতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ঠিক করা হয়। যার মধ্যে অন্যতম মালদহ জেলাশাসকের দপ্তর ঘেরাও। একইভাবে মিল্কি,নুরপুর,উত্তর চণ্ডীপুরেও এই ধরনের বৈঠক হয়েছে। মানিকচক বিধানসভায় ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ২৭৫। যার মধ্যে প্রায় ৫৫ শতাংশ হিন্দু ও ৪৫ শতাংশ সংখ্যালঘু। মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৭৫৩ জন। কিছুদিন আগে চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই দেখা যায় মানিকচক বিধানসভায় প্রায় ৬৭ হাজার ভোটার বিচারাধীন।

    নির্বাচন ঘোষণা হওয়ার আগে এই সমস্যার সমাধান করার দাবি জানিয়েছে মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্ব। তাই মানিকচকের বিডিওকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন দলের ব্লক সভাপতি মাহফুজুর রহমান সহ তৃণমূল নেতৃত্ব।
  • Link to this news (বর্তমান)