সংবাদদাতা, রানাঘাট: রবিবার এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢোকা এবং টুকলি করার অভিযোগে ছ’জনকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর কলেজ, ফুলিয়া বালিকা বিদ্যালয়, শান্তিপুর রবীন্দ্র বিদ্যাপীঠে কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের নজরে আসে অভিযুক্ত পরীক্ষার্থীরা টুকলি নিয়ে হলে লিখছে। তাঁরা বিষয়টি প্রধান শিক্ষককে জানান। এরপর তাদের পাকড়াও করে শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। এরই মধ্যে ফুলিয়া বিদ্যামন্দির স্কুলেও পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন নজরে আসে। বিদ্যালয়ের তরফে নির্দিষ্ট অভিযোগ পেয়ে পুলিশ এক মহিলা ও ছয় যুবককে আটক করে।
প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত মহিলাকে পুলিশ নোটিস দিয়ে ছেড়ে দেয়। ছয় যুবককে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি মোবাইল এবং টুকলি উদ্ধার হয়েছে।