গাজোল দখলের আশা তৃণমূলের, তপশিলি সংলাপ ট্যাবলোর সূচনা
বর্তমান | ১০ মার্চ ২০২৬
সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোল বিধানসভা আসন জিততে মরিয়া তৃণমূল। সেজন্য জেলা এবং স্থানীয় নেতৃত্ব ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। সোমবার শুরু হল তপশিলি সংলাপ ট্যাবলোর সূচনা। সেখানে তৃণমূলের গাজোল ব্লক সভাপতি রাজকুমার সরকার, যুব সভাপতি সুরজিৎ সাহা, আইএনটিটিইউসি, মহিলা সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃত্ব অংশ নেয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মাসখানেক ওই ট্যাবলো বিধানসভার ১৫টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন তপশিলি অধ্যুষিত গ্রামে ঘুরে ১৫ বছরে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরবে। বিশেষ করে মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য কী কী করেছেন, সেসব বেশি করে প্রচার করা হবে। রাজকুমার বলেন, দলের নির্দেশ অনুসারে গাজোলে তপশিলি সংলাপের ট্যাবলোর সূচনা হয়েছে। জেলার মধ্যে গাজোল তপশিলি সংরক্ষিত আসন। আড়াই লক্ষ ভোটারের সিংহভাগ তপশিলি। ২০২১ সালে বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। মাত্র ১ হাজার ৭০০ ভোটে পরাজিত হয় তৃণমূল। শাসক দলের দাবি, এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পাঁচ বছরে রাজ্য সরকারের উদ্যোগে পাড়ায় সমাধান, পথশ্রী প্রকল্পে একাধিক রাস্তা, নিকাশি নালা হয়েছে। সম্প্রতি গাজোলে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে অলচিকি স্কুলও করছে রাজ্য। তপশিলিদের সুবিধার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতাল হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, গতবার অল্পের জন্য হেরেছিলাম। এবার ৫০ হাজারের বেশি ব্যবধানে গাজোলে জিতব। কারণ উন্নয়নের জন্য তৃণমূলই একমাত্র ভরসা। এটা সবাই বুঝে গিয়েছেন।