• মুরারইয়ে শিক্ষামূলক ছবি ও লেখায় সেজেছে প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, রামপুরহাট: শুধু পাঠ্যপুস্তক নয়, শ্রেণিকক্ষের দেওয়ালও শিক্ষা দেবে খুদে পড়ুয়াদের। মুরারইয়ের ভাটরা প্রাথমিক বিদ্যালয়ে সেজন্য শ্রেণিকক্ষের দেওয়ালে স্বাধীনতা সংগ্রামী, মনীষীদের ছবি ও বাণী, দেশের মানচিত্র, পতাকা, জাতীয় সংগীত তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, কার্টুন চরিত্রের মাধ্যমে রাস্তা, রেললাইন পারাপার বিষয়ক সচেতনতামূলক ছবি, জাতীয় ফুল, ফল ও পশু-সংক্রান্ত নানা তথ্য এবং ছবিও দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। বাদ যায়নি স্কুলের বাইরের দেওয়ালও। সেখানে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধ, ‘জল বাঁচান, জীবন বাঁচান’ সহ নানা বার্তা ছবি ও লেখার মাধ্যমে তুলে ধরেছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের দেওয়ালে সৌরজগৎ, জলচক্র, জলবিদ্যুৎ, বিশ্ব উষ্ণায়ন, দূষণ সহ নানা বিষয়ও ছবি এঁকে ফুটিয়ে তোলা হয়েছে। ছাত্রছাত্রীদের শিক্ষামূলক খেলার জন্য শব্দ নিয়ে খেলার ছক রয়েছে। সেইসঙ্গে পুরো স্কুল চত্বর ফুল ও পাতাবাহার গাছে সাজিয়ে তোলা হয়েছে। স্কুলে দোলনা সহ নানা খেলার সরঞ্জাম রয়েছে। ১৯৩১ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। এখন প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি অবধি ১৩১জন পড়ুয়া রয়েছে। দু’বছর আগেও বিদ্যালয়টি জরাজীর্ণ ছিল। প্রধান শিক্ষক তানজির আহমেদ শেখ বলেন, সেসময় স্কুলভবনে রংয়ের প্রলেপ ছিল না। বাচ্চারাও নিয়মিত স্কুলে আসত না। তাই বাচ্চাদের স্কুলমুখী করতে পুরো বিদ্যালয়কে বইয়ের আকার দিয়েছি। এতে বাচ্চাদের একঘেয়েমি দূর হয়েছে। সেইসঙ্গে দেওয়ালে আঁকা ছবি দেখে তারা অনেক সাধারণ জ্ঞান জানার সুযোগ পাচ্ছে।
  • Link to this news (বর্তমান)