নারী দিবস উপলক্ষ্যে ১১ জনের ব্রেস্ট সার্জারি মেডিকেলে
বর্তমান | ১০ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক মহিলা দিবস ছিল ৮ মার্চ। দিনটির গুরুত্ব স্মরণীয় করে রাখতে কলকাতা মেডিকেল কলেজ নিল অভিনব উদ্যোগ। ঠিক পরদিন, ৯ মার্চ ১১ জন মহিলার ব্রেস্ট সংক্রান্ত অপারেশন সুসম্পন্ন করলেন এখানকার চিকিৎসকরা। তাঁদের মধ্যে আটজনের ছিল ব্রেস্ট ক্যানসার টিউমার অথবা প্রি ক্যানসারাস টিউমার। মেডিকেলের সুপ্রাচীন ডেভিড হেয়ার ব্লকের অপারেশন থিয়েটারে সফলভাবে অস্ত্রোপচারগুলি করলেন এখানকার জেনারেল সার্জারি বিভাগের ব্রেস্ট ও এন্ডোক্রিন সার্জারি শাখার প্রধান সার্জন ডাঃ ধৃতিমান মৈত্র এবং টিম। ডাঃ মৈত্র জানান, স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার বার্তা মহিলাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সার্জন, অ্যানাসথেশিয়া টিম, মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি অপারেশন দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে।