• আজ কেরল ম্যাচের প্রস্তুতি শুরু রশিদদের
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে ২ ম্যাচে ৫ পয়েন্ট খুইয়ে বেকায়দায় ইস্ট বেঙ্গল। এমন পরিস্থিতিতে প্রবল চাপে কোচ অস্কার ব্রুজোঁ। শনিবার মিগুয়েলদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। ইস্ট বেঙ্গলের কাছে কার্যত ফাইনাল। মিইয়ে থাকা ফুটবলারদের তরতাজা করতে তিনদিন ছুটি দিয়েছিলেন অস্কার। মঙ্গলবার কেরল ম্যাচের প্রস্তুতি শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। আর্জেন্তাইন ডিফেন্ডার কেভিন সিবলের দিকে নজর থাকবে। শনিবারের ম্যাচেও অনিশ্চিত তিনি। বরং সাউল ক্রেসপো অনেকটাই ফিট। মাঝমাঠের ভারসাম্য বাড়াতে তাঁকে নামাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স কতটা শক্তিশালী? এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি দল। ৪ ম্যাচের প্রত্যেকটিতেই হেরে টেবিলে ১৩ নম্বরে রয়েছে তারা। দানিশ ফারুখ, হরমিপমদের বশ মানাতে পারলে প্রত্যাবর্তনের সুযোগ পাবেন অস্কার। তবে না আঁচালে বিশ্বাস নেই।

    ইস্ট বেঙ্গলের সমস্যা কোথায়? আসলে মিগুয়েলকেন্দ্রিক স্ট্র্যাটেজি সহজেই পড়ে ফেলছে প্রতিপক্ষ। ব্রাজিলিয়ান মিডিও জোনাল মার্কিংয়ে আটকে গেলেই আক্রমণের দফারফা। অহেতুক দূরপাল্লার শট বিরক্তি বাড়াচ্ছে। এক্ষেত্রে প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্যের বক্তব্য, ‘চাকাটা আটকে যাচ্ছে। এখানেই কোচের আসল পরীক্ষা। আক্রমণে বৈচিত্র না বাড়লে লাভ নেই। প্ল্যান বি প্রয়োজন। কোচ পছন্দমতো দল গড়েছেন। কীভাবে ঝাঁঝ বাড়ানো যায় সেই রাস্তা তাঁকেই বের করতে হবে।’ এদিকে, সোমবার পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল নর্থ ইস্ট ইউনাইটেড। পার্থিব গোগোইয়ের গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট। পাঞ্জাবকে সমতায় ফেরান ওসুজি।
  • Link to this news (বর্তমান)