আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার গোবরডাঙা রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গিয়েছে, আগুনে অন্তত তিন থেকে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে খবর মিলেছে সূত্র মারফত। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।
তবে শুরুতে পর্যাপ্ত জল না থাকায় ইঞ্জিনটিকে জল আনতে আবার ফিরে যেতে হয়। পরে আগুন নেভানোর কাজে দমকলকর্মীরা সক্রিয়ভাবে কাজ শুরু করেন।
পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন জায়গা থেকে জল এনে আগুন নেভানোর কাজে সাহায্য করছেন। কী কারণে আগুন লাগল, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন গোবরডাঙা পুরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। তিনি দমকল ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে আরও দমকলের ইঞ্জিন আনার ব্যবস্থা করছেন।
অগ্নিকাণ্ডের জেরে রেল চলাচলেও কিছুটা প্রভাব পড়েছে। যেহেতু এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সাধারণত লোকাল ট্রেন ছাড়া অন্য ট্রেন চলাচল করে না, তাই দুই ও তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সেগুলি ধীর গতিতে চলছে। অফিস টাইমে ট্রেন লেট হওয়ায় সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদেরও।
এদিকে পরিস্থিতি সামাল দিতে হাবড়া থেকে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দমকলের কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।