• বিজেপিতে যোগ দিতেই দিল্লি সফর বংশীবদন বর্মনের? তুঙ্গে চর্চা
    এই সময় | ১০ মার্চ ২০২৬
  • এই সময়, কোচবিহার: গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (Greater Cooch Behar People's Association) নেতা বংশীবদন বর্মন দিল্লি গিয়েছেন। এই ধরনের একটি খবর ছড়িয়ে পড়েছে কোচবিহারে। বিজেপি উচ্চ নেতৃত্বদের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে, এমন খবরও রটেছে। সামাজিক মাধ্যমে নাম না করেও অনেকে এই বিষয়টি উল্লেখ করেছেন। বংশী নিজে বিষয়টি খোলসা করেননি। গ্রেটার নেতার আচমকা এই দিল্লি যাত্রায় বিধানসভা নির্বাচনের আগে নতুন অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। বিশেষ করে রাজবংশী ভোটের নতুন সমীকরণ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

    সম্প্রতি রাজ্যসভার বিজেপি সাংসদ (MP Ananta Maharaj) তথা আরেক গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা নগেন্দ্রনাথ রায়কে (অনন্ত মহারাজ) বঙ্গবিভুষণ পুরস্কার দিয়েছে রাজ্য। এই পুরস্কার পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee) উচ্চকণ্ঠে প্রশংসা করেছেন বিজেপি সাংসদ। যা নিয়ে ভোটের আগে যারপরণাই অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। রাজবংশীদের মধ্যে অনন্তের জনসমর্থন নিজেদের পালে টানতে অঙ্ক কষেছে তৃণমূল। গত বিধানসভা ও লোকসভা ভোটে রাজবংশীদের অধিকংশ ভোটই গিয়েছে পদ্মফুলের বাক্সে। এ বার বিজেপির এই ভোটব্যাঙ্কে থাবা বসাতে মরিয়া তৃণমূল।

    তাই নগেন্দ্রকে কাজে লাগাতে চায় রাজ্যের শাসকদল। আর এরই মধ্যে আরেক গ্রেটার নেতা বংশীবাদন দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করছেন। বৈঠক করছেন। মহারাজের পাল্টা বংশীকে সামনে রেখে নাকি বিজেপি রাজবংশী ভোট ভাঙন আটকাতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নগেন্দ্র বিজেপির সাংসদ হওয়ায় তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন বংশী। এখন পরিবর্তীত পরিস্থিতিতে দুই রাজবংশীর নেতারই ফুল বদলে জল্পনা শুরু হয়েছে। তাঁর দিল্লি যাত্রা নিয়ে বংশীবদনকে ফোন করা হলে তিনি কিছুটা হেঁয়ালি করে বলেন, ‘এরকম কোনও বিষয় নেই। তবে আমি কি দিল্লি আসতে পারি না?’ তিনি একটি বৈঠকে ব্যস্ত রয়েছেন বলে জানান । তবে কোথায় বৈঠক, কার সঙ্গে বৈঠক, এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি আর কোনও উত্তর দিতে চাননি।

  • Link to this news (এই সময়)