• মেয়েদের সুরক্ষায় নতুন হেল্পলাইন নম্বর, নারী দিবসে বিশেষ উদ্যোগ রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের
    এই সময় | ১০ মার্চ ২০২৬
  • আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অভিনব উদ্যোগ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার হাসপাতাল চত্বরে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের। আয়োজনে রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের ওয়ান স্টপ সেন্টার। মূলত নারী সুরক্ষা ও সচেতনতা বাড়াতেই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চালু করা হয়েছে দু'টি নতুন হেল্পলাইন নম্বর। যে কোনও জরুরি পরিস্থিততে মহিলারা নির্দিষ্ট এই হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন। নম্বরগুলি হলো — 9046097197 এবং 7908082838।

    রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের ওয়ান স্টপ সেন্টারের মূল উদ্দেশ্য হলো শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার নারীদের পাশে দাঁড়ানো। একই সঙ্গে তাঁদের প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা প্রদান করা। নির্যাতিত মহিলারা এখানে এসে পরামর্শ ও সহযোগিতা পাবেন সহজেই।

    এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলাশাসক নভনীত মিত্তল। এ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু এবং শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাস। তাঁরা জানিয়েছেন, মেয়েদের উপর অত্যাচার রুখতে সচেতন হতে হবে সবাইকেই। এই কাজে সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে।

    ওয়ান স্টপ সেন্টারের আধিকারিক পারমিতা বক্সী ভট্টাচার্য বলেন, ‘মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আমরা সব সময় পাশে আছি। কোনও মহিলা যদি শারীরিক, মানসিক বা অন্য কোনও ধরনের নির্যাতনের শিকার হন, তবে তিনি যেন নির্ভয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। মহিলাদের উপর নির্যাতন কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’

  • Link to this news (এই সময়)