• ‘SIR তদারকিতে যুক্ত জুডিশিয়াল অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন না’, কড়া বার্তা প্রধান বিচারপতির
    এই সময় | ১০ মার্চ ২০২৬
  • জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kant)। সোমবার পশ্চিমবঙ্গের SIR মামলায় আইনজীবী মেনকা গুরুস্বামীর (Senior Advocate Menaka Guruswamy) সওয়ালের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শীর্ষ আদালতের স্পষ্ট জবাব,‘জুডিশিয়াল অফিসাররা যদি কোনও ভোটারের সব নথি খতিয়ে দেখেও তাঁকে বৈধ বলে না মনে করেন, তা হলে তিনি ভোটাধিকার পাবেন না।’ একইসঙ্গে বিচারবিভাগীয় আধিকারিকদের (Judicial Officers) কাজ নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। একইসঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে আগাম পিটিশনেও বিরক্তি প্রকাশ করে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী (West Bengal Special Intensive Revision) প্রক্রিয়ায় বাদ পড়ার বিরুদ্ধে আপিল শুনানির জন্য হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং প্রাক্তন হাইকোর্টের বিচারকদের সমন্বয়ে আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ।

    SIR-এ চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়া নিয়ে সোমবার রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। রাজ্যের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে তিবি বলেন, ‘আমাদের (ভোটারদের) নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নথিও রেকর্ড করা হয়নি। তাঁরাও তো ভোটার। তাঁরা আগে ভোট দিয়েছেন, এখন তাঁদের নথি নেওয়া হচ্ছে না।’ সেই আবেদনের ভিত্তিতে মঙ্গলবার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। শুরুতেই রাজ্যের আইনজীবী গুরুস্বামীকে আদালত বলে,‘জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন। SIR-এর তদারকিতে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশ্ন তুলবেন না! প্রশ্ন তুললে দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে।’ তা শুনে আইনজীবী মেনকা জানান, তাঁরা বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়ে কোনও প্রশ্ন তুলছেন না। শুধু মাত্র যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কারণ— প্রায় ৫৭ লক্ষ ভোটারের নথি যাচাই বাকি। রাজ্যের আইনজীবীর বলেন, ‘এই সব ম্যাপড ভোটারদের শাস্তি দেবেন না।’

    রাজ্যের আইনজীবীর সওয়াল শুনে প্রধান বিচারপতি বলেন, ‘প্রকৃত ভোটারের নাম কখনই বাদ যাবে না। জুডিশিয়াল অফিসাররা সেই কাজ করছেন। যদি কাউকে শাস্তি দেওয়ার বিষয় থাকত তাহলে আমরা এত উদ্যোগী হতাম না। এই ভাবে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করতাম না। অন্য রাজ্য থেকে জুডিশিয়াল অফিসারদের নিয়ে আসতাম না। আমরা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’ একইসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘ কোনও বৈধ ভোটারের নাম কখনই বাদ যাবে না। বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই কাজ করছেন। ভোটের আগের দিন পর্যন্ত চলবে যাচাই পর্ব। ভোটের আগের দিনও কোনও ভোটার যদি বৈধ বলে প্রমাণিত হন, তিনি ভোট দিতে পারবেন।’

    এ দিনের শুনানিতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশেরও দাবি তোলেন রাজ্যের অন্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Trinamool Congress MP-lawyer Kalyan Banerjee)। তিনি বলেন,‘১০ লাখ লোকের তালিকা নিয়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হোক৷’ তাঁর বক্তব্যকে সমর্থন জানায় প্রধান বিচারপতির বেঞ্চ। এই প্রসঙ্গে আদালত জানায়, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Calcutta High Court Chief Justice) সুজয় পাল জানিয়েছেন, ১০ লক্ষ ১৬ হাজার ভোটারের মামলা নিষ্পত্তি হয়েছে। পশ্চিমবঙ্গের SIR নিয়ে কাজ করার জন্য ওডিশা-ঝাড়খণ্ড থেকে ২০০ জন বিচারবিভাগীয় আধিকারিক এসেছেন। এ রাজ্য থেকে SIR তদারকির দায়িত্ব পালন করছেন ৫০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক। তাঁরা যাতে সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করতে পারেন তা নিশ্চিত করতে হবে কমিশনকে। টেকনিক্যাল সমস্যায় যাতে সময় না নষ্ট হয়, তাও নিশ্চিত করতে হবে কমিশনকেই।

    এ ছাড়া এ দিন ট্রাইব্যুনাল গঠন করার কথা বলে সুপ্রিম কোর্ট। SIR সংক্রান্ত বিচারবিভাগীয় কাজের আবেদন সেই ট্রাইব্যুনালে করা যাবে। তাতে থাকবেন প্রাক্তন প্রধান বিচারপতি এবং হাইকোর্টের দু’-তিন জন বিচারপতি। কারা ওই ট্রাইব্যুনালে থাকবেন তা বাছাই করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ।

  • Link to this news (এই সময়)