• ‘বিচারাধীন’ তালিকায় ৩৬ হাজারের নাম, অনশনে বসলেন উদয়ন
    এই সময় | ১০ মার্চ ২০২৬
  • এই সময়, কোচবিহার: তাঁর খাসতালুক দিনহাটায় ৩৬ হাজার মানুষের নাম ‘বিচারাধীন’–এর তালিকায়। আসন্ন বিধানসভা ভোটে এই সংখ্যাটা নির্ণায়ক হয়ে উঠতে পারে। তা আঁচ করেই অনশনে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ( North Bengal Development Minister Udayan Guha)। নির্বাচন কমিশন (Election Commission) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘সার’ (SIR) করে যদি পরিকল্পিত ভাবে একটি রাজনৈতিক দলের ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করে, আর একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার চেষ্টা করে। তাহলে ওই রাজনৈতিক দলের কর্মীরা চুপ করে বসে থাকবে না। তারাও ‘সার’ করে অপর রাজনৈতিক দলের কর্মীদের নাম বাদ দেওয়ার চেষ্টা করবে। কী ভাবে করবে সেটা তাদের ব্যাপার। সোমবার দিনহাটার অনশন মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দেন তিনি।

    কলকাতার ধর্মতলায় মেট্রো চ্যানেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সার’ ইসুতে ধর্নায় বসেছেন। সেই ধর্নার সমথর্নে দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও অনশনে বসেছেন। সোমবার সকাল ৯টা থেকে দিনহাটা সদর মহকুমা শাসকের দপ্তরের উল্টোদিকে এই অনশন শুরু করেছেন তিনি। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের ২০০ নেতা–কর্মী অংশ নিয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার এই অনশন চলবে। অনশন মঞ্চ থেকে উদয়ন সাবেক ছিটের পোয়াতেরকুটিরের কথা উল্লেখ করে বলেন, ‘সেখানে একটি বুথে প্রায় ৮০০ ভোটার ভোট দিতে পারবেন না। তাঁরা এখনই রাস্তায় নেমে আন্দোলন করতে চান। তাঁদের আটকে রাখা হয়েছে।’ দিনহাটা বিধানসভায় প্রায় ৩৬ হাজার মানুষকে ‘অ্যাডজুডিকেশন’–এর তালিকায় রাখা হয়েছে বলে কমিশনকে তোপ দাগেন মন্ত্রী।

  • Link to this news (এই সময়)