• ভোটার তালিকায় শতাধিক নাম বাদ, হামলা কাকদ্বীপের BLO-র বাড়িতে, নেপথ্যে কারা?
    এই সময় | ১০ মার্চ ২০২৬
  • ভোটার তালিকায় বাদ গিয়েছে ভোটারদের নাম। সেই কারণেই বাড়িতে হামলা হয়েছে বলে দাবি করলেন এক BLO। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে BLO মণীন্দ্রনাথ দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার পরে থেকে প্রবল আতঙ্কে রয়েছেন ওই বাড়ির বাসিন্দারা।

    জানা গিয়েছে, কাকদ্বীপের পশ্চিম গোবিন্দপুরের বাসিন্দা মণীন্দ্রনাথ দাস ৮৫ নম্বর বুথের BLO-র দায়িত্বে রয়েছেন। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সম্প্রতি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা গিয়েছে ওই বুথের ১৬৩ জন ভোটারের নাম বাদ গিয়েছে। ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে ২৭ জনের নাম।

    মণীন্দ্রনাথের অভিযোগ, এর পরে থেকেই হুমকি ফোন আসতে শুরু করে তাঁর কাছে। BLO-র দাবি, সোমবার রাত ন’টা নাগাদ তিনি স্থানীয় বাজারে ছিলেন। সেই সময়েই সন্তোষ দাস নামে এক ব্যক্তি তাঁকে ফোন করে জিজ্ঞেস করেন, তাঁর ভাই দুলাল দাসের নাম কেন বাদ গেল ভোটার তালিকা থেকে। কমিশনের তরফে নাম কাটা হয়েছে। এ বিষয়ে BLO-র কিছু করার নেই, এই জবাব দেওয়ায় BLO-কে অশালীন মন্তব্য করে ফোন কেটে দেওয়া হয়।

    এরপরে অনিতা দাস নামে আরও এক মহিলা মণীন্দ্রনাথকে ফোন করে একই কথা বলেন। এর পরেই তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফোন কেটে দিয়ে বাড়িতে ফিরে আসেন মণীন্দ্রনাথ। তাঁর দাবি, রাতে খেতে বসার সময়ে হঠাৎই দোতলার দরজায় বিকট শব্দ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন, আধলা ইট ছোড়া হয়েছে বাড়ি লক্ষ করে। ঘটনার পরে থেকে প্রবল আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

    কাকদ্বীপের BDO-র কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন BLO। পাশাপাশি, অভিযোগ করেছেন থানাতেও। মণীন্দ্রনাথ দাসের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পিছনে তাঁর কোনও ভূমিকা নেই। কিন্তু তবুও তাঁকে ও তাঁর পরিবারকে নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সঞ্জয় দাস বলেছেন, ‘নাম বাদ দেওয়ার ক্ষমতা BLO-র নেই। যেমন নথি জমা পড়েছে, তেমনই লিস্ট প্রকাশিত হয়েছে।’ ওই BLO-র পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)