• এসআইআর মামলা: আপিল শুনতে এবার বিশেষ ট্রাইব্যুনাল
    আজকাল | ১০ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি হয়। এদিন ওই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে যেসব আবেদন বাতিল হয়েছে, সেইসব আপিল শুনতে একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালের নেতৃত্ব দেবেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি, সঙ্গে থাকবেন অবসরপ্রাপ্ত অন্যান্য বিচারপতিরা।

    সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে, জুডিশিয়াল অফিসাররা প্রচণ্ড চাপের মধ্যে কাজ করছেন। ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ ৪ হাজার আবেদন বাতিল হয়েছে। ফলে আপিল সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

    যদি সব আপিল হাইকোর্টে করা হয় তাহলে উচ্চ আদালতের উপর চাপ প্রচুর বাড়বে। যা বিবেচনা করে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ট্রাইব্যুনাল ব্যবস্থার নির্দেশ দেয়। এই ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা প্রয়োজন অনুযায়ী বাড়ানো যাবে। এর খরচ বহন করবে নির্বাচন কমিশন। 

    দায়িত্ব নিতে আগ্রহী প্রাক্তন বিচারপতিদের নাম সুপারিশের জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। 

    এসআইর প্রক্রিয়ায় কর্মরত জুডিশিয়াল অফিসারদের কাজের প্রশংসা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

    এদিন শুনানিতে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি শীর্ষ আদালতে জানান, ৬০ লক্ষ আবেদন বিবেচনাধীন রয়েছে তার মধ্যে ইতিমধ্যেই ১০ লক্ষের নিষ্পত্তি হয়েছে। ফলে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা সম্ভব। এরপরই অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যেহেতু ইতিমধ্যে ১০ লক্ষের বেশি আপত্তি নিষ্পত্তি হয়েছে, তাই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। যাতে একটাও বৈধ ভোটার বাদ না পড়ে সেই বিষয়ে সতর্ক হতে হবে।

     
  • Link to this news (আজকাল)