বাংলায় কেমন ভোট হবে? যা বললেন জ্ঞানেশ, বিকেলে সাংবাদিক বৈঠকেই সম্ভবত বড় বার্তা
আজ তক | ১০ মার্চ ২০২৬
সোমে কালীঘাটের পর মঙ্গলে দক্ষিণেশ্বরে পুজো দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে গেলেন বেলুড় মঠেও। এরপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, কেমন ভোট হবে বাংলায়।
এদিন জ্ঞানেশ কুমার বাংলার ভাই-বোনেদের নমস্কার জানিয়ে বলেন, 'পূজনীয় শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দজির তপভূমিতে এসে রাজ্যের ভোটারদের বলতে চাই, পশ্চিমবঙ্গের ভোট হিংসামুক্ত এবং চাপমুক্ত হবে। তার জন্য আমরা বদ্ধপরিকর।' তবে ভোট ঘোষণা কবে হতে পারে, তা নিয়ে অবশ্য তিনি কোনও ইঙ্গিত দেননি। কেবল বলেন, 'এবারের নির্বাচনে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে নজর থাকবে। হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচন করাই কমিশনে লক্ষ্য।'
নির্বাচন কমিশনার স্পষ্ট করে জানিয়ে দেন, ভোটে কোনও ধরনের হিংসা মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলার অবনতি হলে কড়া পদক্ষেপ করা হবে। এক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি নিচ্ছে কমিশন। কিন্তু তা কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক মহলের।
মঙ্গলে সকাল ৭টা নাগাদ জ্ঞানেশ কুমার বেলুড় মঠে যান। মূল মন্দির দর্শন করেন। তার পরে অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি মহারাজের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ৪৫ মিনিট বেলুড় মঠে ছিলেন জাতীয় নির্বাচন কমিশনার।
এদিকে, দক্ষিণেশ্বর স্কাইওয়াকের নীচে রাস্তার পাশে কালো পতাকা নিয়ে অপেক্ষা করছিলেন এক দল বিক্ষোভকারী। জ্ঞানেশ কুমার পৌঁছতেই তাঁর 'গো ব্যাক' স্লোগান দিতে শুরু করেন। যদিও পুলিশ ব্যারিকেড করে মন্দিরের বাইরে আটকে রাখে।
মঙ্গলের কর্মসূচিতে CEO, CAPF-এর নোডাল অফিসারের সঙ্গে বৈঠক রয়েছে জ্ঞানেশ কুমার ও তাঁর টিমের। এরপর রাজ্যের মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা সারবেন তাঁরা। সব শেষে BLO-দের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হবে কমিশনের ফুল বেঞ্চ। সেখানে পশ্চিমবঙ্গের ভোটের দিনক্ষণ নিয়ে বড় কোনও বার্তা থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।