দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোডে মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনা। মৃত এক এবং গুরুতর জখম এক শিশু-সহ বেশ কয়েক জন। মৃতের নাম গোপাল প্রসাদ বার্নোয়াল (৫৭)। এ দিন একটি চারচাকা গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দোকানে সজোরে ধাক্কা মারে। যার জেরেই ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রৌঢ়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের সেখানেই চিকিৎসা চলছে।
সূত্রের খবর, দুর্ঘটনার সময়ে রাস্তার ধারের ওই দোকানে বেশ ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। যার জেরে গাড়ির চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের দোকানে। পরে গাড়িটি পাশের দোকানে ঢুকে যায়।
আহতদের মধ্যে একটি শিশু রয়েছে, যার অবস্থান বর্তমানে আশঙ্কাজনক। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ICU-তে ভর্তি করা হয়েছে তাকে। আর এক আহত যুবক দুর্গাপুর মহকুমা হাসপাতালের সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, যে গাড়িটি ধাক্কা মারে তার সামনে পুলিশ লেখা একটি বোর্ড ছিল। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
এ দিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ACP সুবীর রায়। তিনি বলেন, ‘গাড়িটি বাজেয়াপ্ত করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। গাড়িটির সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে।’ দোকানের মালিক আহত সুপ্রিয়া দাস বলেন, ‘আমাদের দোকানে কাস্টমার ছিল। আচমকাই একটা গাড়ি দ্রুত গতিতে এসে দোকানে ঢুকে পড়ে। আমাদের দোকানে ধাক্কা মারার পরে গড়িটি পাশের দোকানে ঢুকে যায়।’