• ‘একদিন তোর দেহও ফ্রিজে মিলবে’, চরিত্র নিয়ে খোঁটা প্রেমিকের, ডাক্তারি পড়ুয়া তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
    এই সময় | ১১ মার্চ ২০২৬
  • ডাক্তারি পড়ুয়া তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ে (Mumbai)। সোমবার মুম্বইয়ের অ্যান্টপ হিলের বাড়ি থেকে স্তুতি সোনওয়ানকে (Stuti Sonwane) (২৪) ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর পরিবারের লোকজন। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও (Suicide Note) উদ্ধার হয়েছে। সেখানে মৃত্যুর জন্য তিনি প্রেমিককে দায়ী করেছেন বলে অভিযোগ। সঙ্গে লিখেছেন শ্রদ্ধা ওয়ালকারের হত্যার (Shraddha Walkar murder case) কথাও। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, অ্যান্টপ হিলে মা-বাবা এবং বোনের সঙ্গে থাকতেন স্তুতি। রবিবার রাতে খেয়েদেয়ে নিজের ঘরে চলে যান তিনি। কিন্তু সোমবার সকালে ১১টার পরে তিনি ঘর থেকে না বের হওয়ায় ডাকাডাকি শুরু করেন সবাই। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁর মা-বাবা। তখনই তাঁরা দেখেন সিলিং ফ্যান থেকে ঝুলছে স্তুতির দেহ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    এই ঘটনার পরেই স্তুতির প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁর মা-বাবা। ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্তে নেমে স্তুতির ঘর থেকে একটি ছয় পাতার সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে প্রেমিকার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন স্তুতি। প্রেমিক তাঁর চরিত্র নিয়ে সন্দেহ করতেন বলেও অভিযোগ তাঁর। স্তুতি লিখেছেন, ‘আমাদের সম্পর্কটা বিষিয়ে গিয়েছে।’

    পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে দিল্লির শ্রদ্ধা ওয়ালকার হত্যা মামলার কথাও উল্লেখ করেছেন স্তুতি। ২৭ বছরের শ্রদ্ধাকে খুনের পরে দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলেন তাঁর প্রেমিক আফতাব পুনাওয়ালা। স্তুতির সঙ্গে তাঁর প্রেমিকের সমস্যার কথাও বন্ধুরা জানতেন। প্রায়ই মজার ছলে তাঁরা বলতেন, ‘একদিন তোর দেহও ফ্রিজ থেকে উদ্ধার হবে’। সুইসাইড নোটে এমনটাই লিখেছেন স্তুতি।

    ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্তুতির মা-বাবার বয়ান নথিভুক্ত করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে তাঁর প্রেমিকের ভূমিকাও। স্তুতির মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। সুইসাইড নোটে আর কী কী অভিযোগ রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে তাও।

  • Link to this news (এই সময়)