• দূষণে জেরবার তিলোত্তমা, দূষিত শহরের তালিকায় কত নম্বরে কলকাতা?
    এই সময় | ১১ মার্চ ২০২৬
  • ভারতের সবথেকে দূষিত রাজধানী শহরের তালিকায় উঠে এল কলকাতা। তালিকার তিন নম্বরে উঠে এসেছে এই শহর। তালিকায় সবার উপরে আছে দিল্লি এবং দ্বিতীয় স্থানে ওডিশার ভুবনেশ্বর। শীতকালের বায়ু দূষণের নিরিখে ২০২৫-২৬ সালে একটি সমীক্ষা করা হয়েছিল। ওই সমীক্ষা রিপোর্টেই উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’ (CREA) জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় বাতাসে বিষাক্ত কণা বা PM2.5-এর গড় মাত্রা ছিল ৭৮ মাইক্রোগ্রাম।

    কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে কলকাতায় বায়ু দূষণের মাত্রা ওঠা-নামা করলেও, তা কখনই নিরাপদ সীমার নীচে নামেনি। গত বছর শীতের তুলনায় চলতি বছর দূষণ আরও বেড়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের ২৩৮টি শহরের মধ্যে ২০৪টি শহরেই দূষণের স্বাভাবিক মাত্রা (৪০ মাইক্রোগ্রাম) ছাড়িয়ে গিয়েছে। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মাত্রার ধারে কাছে নেই এ দেশের কোনও শহরই।

    মুম্বই ও চেন্নাই-সহ সমুদ্র তীরবর্তী শহরগুলোতেও বেড়ে গিয়েছে দূষণ। বড় শহরগুলোর মধ্যে একমাত্র বেঙ্গালুরু পরিস্থিতি সবথেকে ভালো। ২০২৫-২৬ সালে সেখানে দূষণের মাত্রা ৩৯ মাইক্রোগ্রাম। অন্য দিকে, উত্তর ভারতের সিন্ধু-গাঙ্গেয় সমতলভূমির শহরগুলো সবথেকে বেশি জর্জরিত বায়ু দূষণে। এই অঞ্চলের ৭৯টি শহরের মধ্যে ৭৫টি শহরই দূষণের কবলে পড়েছে। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদ ও নয়ডা ভারতের সবথেকে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে সমীক্ষা রিপোর্টে। তবে এত খারাপ পরিস্থিতির মাঝেও ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি পেয়েছে কর্নাটকের চামারাজানগর।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার একাধিক লক্ষ্যমাত্রা নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না কোনও ভাবেই। বাতাসে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজ়েন ডাই অক্সাইড জাতীয় গ্যাসের দূষণ কমানোর উপর জোর দেওয়ার কথা বলছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)