মার্চ মাসের শুরু থেকেই জেলায় জেলায় জনসংযোগে বাড়তি নজর দিয়েছিল পদ্ম শিবির। রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা তো ছিলেনই, বাইরের রাজ্যের বিধায়ক, মন্ত্রীদের নিয়ে এসে রাজ্য জুড়ে চলল ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি। মঙ্গলবারই এই কর্মসূচির শেষ হলো। বুধবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটি।
জানা গিয়েছে, দিল্লিতে বিজেপির সদর দপ্তরে নির্ধারিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি, সাংসদ শমীক ভট্টাচার্য-সহ রাজ্য সংগঠনের একাধিক পদাধিকারী। প্রাথমিক ভাবে, জেলায় জেলায় দশ দিন ধরে চলা ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচির রিপোর্ট কার্ড নিয়ে এই বৈঠকে পর্যালোচনা হতে পারে।
এর বাইরে বিধানসভা ভোটে বাংলায় দলের নির্বাচনী রণকৌশল নিয়েও এই বৈঠকে একপ্রস্থ আলোচনা হতে পারে। পাশাপাশি আলোচনা হতে পারে গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা নিয়েও।
মনে করা হচ্ছে, মার্চ মাসের শেষের দিকেই রাজ্যের নির্বাচনেই নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। সে ক্ষেত্রে ২৯৪ জন প্রার্থী বাছাই করে মার্চের শেষ থেকেই রাজ্য জুড়ে প্রচার পর্বে ঝাঁপিয়ে পড়তে তৎপর বঙ্গ বিজেপি শিবির। তারই রূপরেখা তৈরি হয়ে যেতে পারে বুধবারের বৈঠক।