• ভোটের আগেই রাজ্য-জেলাভিত্তিক মুখপাত্র বাছল তৃণমূল!
    আজকাল | ১১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শীত কালের অপেক্ষা শেষ। বাংলায় এখন অপেক্ষা কেবলই ভোটের। দিন গুনছে রাজনৈতিক দলগুলি, সাধারণ মানুষেরাও দিন গুনছেন, ভোট ঘোষণার। জল্পনা, কত দফায় ভোট হবে, না হবে তা নিয়েও। ভোটমুখী বাংলায় খোদ মুখ্যমন্ত্রী টানা পাঁচদিন ধরনা দিয়েছেন। দেশের রাজনীতির নজর এড়ায়নি তা। অন্যদিকে রাজ্য বনাম কেন্দ্র পরিস্থিতিও তৈরি হয়েছে রাষ্ট্রপতি ইস্যুতে।

    এসবের মাঝেই নানা রাজনৈতিক দল কৌশল তৈরি করছে, তৈরি করছে রণনীতি। সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে, দলের ভাবনা, দলের অবস্থান আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরার তাগিদ দেখা গিয়েছে সব রাজনৈতিক দলগুলির মধ্যেই। আইটি সেল, মিডিয়া সেল, মুখপাত্র এসব তারই উদাহরণ। বর্তমান সময়ের প্রেক্ষিতে, দলের বার্তা, যে কোনও বিষয়ে দলের অবস্থান, প্রতিক্রিয়া সাধারণের সামনে তুলে ধরার গুরুদায়িত্ব পালন করেন মুখপাত্ররাই। 

    এই পরিস্থিতিতে, ভোটের আগে, নয়া কৌশল তৃণমূলের। দলীয় সূত্রে খবর, সাধারণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে ভোটের আগে রাজ্যের শাসক দল জোর দিচ্ছে মুখপাত্র বিষয়টিতেই। এতদিনও এই বিষয়ে তৃণমূল বেশ গুরুত্ব দিয়েছে। তবে দলীয় সূত্রে খবর, এবার রাজ্যস্তরের জন্য এবং লক্ষণীয় জেলাস্তরের জন্য পৃথকভাবে মুখপাত্র বাছাই করা হয়েছে।

    সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস আগামিকাল থেকে মিডিয়া সেল চালু করছে নতুন ভাবে। দলের মুখপাত্ররা প্রতিদিন প্রতিক্রিয়া জানানোর জন্য উপস্থিত থাকবেন তৃণমূল ভবনে। তারজন্য থাকবে নির্দিষ্ট রুটিন। তথ্য, দলের বার্তা আরও স্পষ্টভাবে সকলের মাঝে তুলে ধরতে, রাজ্য স্তরের জন্য দল প্রায় ৪০ জন মুখপাত্রকে বাছাই করেছে তৃণমূল কংগ্রেস। যাঁরা সক্রিয়ভাবে কাজ করবেন। 

    জেলাগুলির জন্য থাকবেন পৃথক মুখপাত্ররা। জেলাস্তরে মুখপাত্র বিষয়টি একেবারে নতুন না হলেও, রাজ্যের সব জেলায় শাসক দলের মুখপাত্র ছিল না। সেই জায়গায়, এবার সব জেলায় দু থেকে চারজন করে মুখপাত্র থাকবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মুখপাত্রদের তালিকায় থাকছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, সাংসদ, ছাত্রনেতা, যুব নেতারা। লক্ষণীয়, এক্ষেত্রেও অর্থাৎ মুখপাত্র বাছাইয়ের বিষয়েও তৃণমূল কংগ্রেস দলের সর্বস্তরে সমন্বয় রেখেছে। ভোটের আগে এই সর্বস্তরে সমন্বয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের। 

     
  • Link to this news (আজকাল)