লেপার্ডের হামলায় আহত হয়েছেন এক যুবক। তার পরেও সাহস হারাননি তিনি। ১২ মিনিট লড়াই করেছেন লেপার্ডের (leopard) সঙ্গে। অসম ওই যুদ্ধে শেষ পর্যন্ত জয় হয়েছে যুবকের। খালি হাতে লড়াই করেই লেপার্ডটি মেরেছেন তিনি। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সোলান জেলার সারলি গ্রামের ঘটনা।
বন দপ্তর এবং স্থানীয় সূত্রে খবর, লড়াইয়ে লেপার্ডটিকে মেরেছেন (killed leopard) পরবেশ শর্মা। আরকির (Arki) ITI পড়ুয়া তিনি। সোমবার তিনি তাঁদের জমির মধ্যে দিয়ে হেঁটে দুধ আনতে গিয়েছিলেন। সেই সময়েই তাঁকে আক্রমণ করে বছর দেড়েকের একটি লেপার্ড। তবে ওই হামলার মুখে পড়েও মনের শক্তি হারাননি তিনি। ১০ থেকে ১২ মিনিট তিনি লড়াই করেন ওই লেপার্ডের সঙ্গে।
জানা গিয়েছে, শেষ পর্যন্ত, বন্যপ্রাণীটির চোয়াল ধরে তাকে কাবু করেন ওই যুবক। তার ঘাড় ও মাথা ভেঙে দেন তিনি। এর ফলে মারা যায় লেপার্ডটি। লড়াইয়ের সময় যুবকটির শরীরে একাধিক আঁচড় লাগে। কিন্তু তাঁর কোনও গুরুতর আঘাত লাগেনি বলে জানিয়েছেন আধিকারিকরা।
এই ঘটনার কথা জানার পরেই পরবেশের সাহসের প্রশংসা করেছেন স্থানীয়রা। ওই আইটিআই-র শিক্ষক এবং পড়ুয়ারাও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন।
এর পরেই ওই এলাকা পরিদর্শন করেন সেখানকার বিভাগীয় বন আধিকারিক (Divisional Forest Officer) রাজকুমার শর্মা। আহত যুবকের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয়দের দাবি, শুধুমাত্র পরবেশকেই নয়, মোটরসাইকেলে থাকা আর এক যুবকের উপরেও হামলার চেষ্টা করেছিল ওই লেপার্ডটি। বন্যপ্রাণীটিকে দেখতে পেয়েই ভয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তিনি।
বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন,স্বাভাবিক বাসস্থান ধ্বংস হয়ে যাওয়ার কারণেই লোকালয়ের কাছে চলে আসছে লেপার্ড। এই আধিকারিক বলেন, ‘লেপার্ড সাধারণত রাতের দিকে হামলা চালায়। কিন্তু সারলি গ্রামের ঘটনা ঘটেছে সকালে।’ লেপার্ডের এমন আচরণে তাঁরাও চিন্তিত।
স্থানীয়রা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরেই তাঁরা ওই এলাকায় লেপার্ডটি ঘোরাঘুরি করতে দেখছেন। গত ৬ মার্চ ওই বন্যপ্রাণীটিকে দেখার পরেই বন দপ্তরকে (Forest Department) জানিয়েছিলেন তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, লেপার্ডটিকে ধরতে খাঁচা পাতার জন্য বনবিভাগকে জানানো হয়েছিল। তার পরেও এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।
প্রসঙ্গত, গত কয়েক মাসে হিমাচল প্রদেশের একাধিক লোকালয়ে চলে এসেছে লেপার্ড। গত বছরের ডিসেম্বর মাসেই হিমাচল প্রদেশের মান্ডি জেলার তিনটি জায়গায় লেপার্ডের হামলা হয়। ওই হামলায় এক জন নিহত এবং তিন জন আহত হয়েছিলেন।