নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভোটের মুখে বিধাননগর কমিশনারেটজুড়ে চলছে কড়া নজরদারি। দিন চারেক আগেই বাগুইআটিতে নাকা চেকিংয়ের সময় পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার সল্টলেক, নারায়ণপুর, এয়ারপোর্ট এবং নিউটাউনে আরও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। এই চারটি পৃথক ঘটনায় অস্ত্র আইনে চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার নাইট পেট্রোলিংয়ের সময় সল্টলেক থেকে একজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানা। ধৃতের নাম মহম্মদ সোনু। তার থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। ওইদিন রাতে নাকা চেকিংয়ের সময় এয়ারপোর্ট থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শেখ নাজিম। তার থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। রবিবার রাতে ইকোপার্ক থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সাজিদ আলি। তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। শনিবার আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে নারায়ণপুর থানার পুলিশ। ধৃতের নাম শেখ ফিরোজ। তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।