২০২১ সালে নির্বাচন পরবর্তী হিংসা: সংশ্লিষ্ট ওসি’র বিরুদ্ধে কী পদক্ষেপ?
বর্তমান | ১১ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে বিধানসভা ভোটের পর কলকাতা সহ রাজ্যে ভোট পরবর্তী হিংসায় তৎকালীন থানার ওসিদের ভূমিকা এবার নির্বাচন কমিশনের আতসকাচের তলায়। রাজ্য পুলিশের এক সূত্র জানাচ্ছে, কমিশন রাজ্য পুলিশের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে। সূত্রের খবর, ওই রিপোর্টে জানতে চাওয়া হয়েছে, কলকাতা সহ রাজ্যের যেসব থানা এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল, সেই ওসিদের বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে রাজ্য সরকার। শুধু ওসি নয়, কমিশন ওসিদের ঊর্ধ্বতন কর্তাদের ভূমিকাও খতিয়ে দেখছে। পুলিশ প্রশাসনের আশঙ্কা, এবার বিধানসভা ভোটের মুখে রীতিমতো তালিকা তৈরি করে কমিশন তৎকালীন পুলিশ অফিসারদের ভোট প্রক্রিয়া থেকে দূরে সরাতে পারে। সেক্ষেত্রে ভোটের সঙ্গে সম্পর্কহীন পদে তাঁদের বদলি করা হতে পারে। উল্লেখ্য, কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় ভোট পরবর্তী হিংসায় এক যুবক খুন হন বলে অভিযোগ। বর্তমানে এই মামলা সিবিআইয়ের হাতে রয়েছে। এছাড়াও কলকাতার চিৎপুর, কাশীপুর, ঠাকুরপুকুর, যাদবপুর, বড়তলা, বেলেঘাটা থানা এলাকায় ভোট পরবর্তী হিংসার নজির রয়েছে। তেমনই রাজ্য পুলিশের পুরুলিয়া, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির মতো জেলায় হিংসার অভিযোগ রয়েছে।
ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তের জন্য ‘সিট’ গঠন করেছিল রাজ্য। সেই তদন্ত এখনও চলছে। তবে তৎকালীন ওসিদের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। তবে নারকেলডাঙায় খুনের ঘটনায় তৎকালীন নারকেলডাঙা থানার ওসি, এক মহিলা এসআই এবং হোমগার্ডকে গ্রেপ্তার করেছিল সিবিআই।