নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিমতার ফতুল্লাপুরে উদ্বোধন হল বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের নতুন ক্যাম্পাস। সোমবার ভার্চুয়ালি এর উদ্বোধন করেন উত্তর দমদমের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি প্রফেসর রামানুজ গঙ্গোপাধ্যায়, বিরাটি কলেজের অধ্যক্ষ ডঃ দীপক বিশ্বাস, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস সহ একাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যাগতরা। ফোনের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রিমাদেবী বলেন, ‘রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নতিতে মুখ্যমন্ত্রী কতটা ঐকান্তিক, এই ক্যাম্পাস তার প্রমাণ। কারণ, এটা কোনও বিশ্ববিদ্যালয়ের নয়, একটা কলেজের দ্বিতীয় ক্যাম্পাস। বিরাটি, নিমতা সহ উত্তর শহরতলির পড়ুয়াদের প্রভূত উপকার হবে এর ফলে।’ কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ১১৮ কাঠা জমির উপর নয়া এই ক্যাম্পাস বিল্ডিং তৈরিতে খরচ হয়েছে আনুমানিক ১৭ কোটি টাকা। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিরাটি কলেজের নয়া ক্যাম্পাসে নতুন প্র্যাকটিক্যাল ধর্মী বিষয় চালু করার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ, যাতে পড়ুয়ারা বাস্তবমুখী শিক্ষা লাভ করতে পারে।