নিজস্ব প্রতিনিধি, বরানগর ও বারাকপুর: দুই বড় গাড়ির মধ্যে সংঘর্ষের দুই পৃথক ঘটনা ঘটল সোদপুর এবং কল্যাণী এক্সপ্রেসওয়েতে। প্রাণহানি না ঘটলেও দুই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। সোমবার রাত ১০টা নাগাদ সোদপুরের বিটি রোডে পানিহাটি স্পোর্টিং ক্লাবের সামনে বরযাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। এতে বাসের সামনের কাচ ভেঙে যায়। সাতজন জখম হন। আহতদের উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার ভোরে কল্যাণী এক্সপ্রেসের উপরে কেউটিয়া মোড়ে একটি ফলের গাড়ি উল্টে বিপত্তি দেখা দেয়। ফলের গাড়িটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে সেটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। সমস্ত ফল গাড়ি থেকে পড়ে যায়। কল্যাণী এক্সপ্রেওয়ের কলকাতা গামী লেনে যান চলাচলে সমস্যা দেখা দেয়। একটি লেন দিয়ে গাড়ি চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল। ফল সরানোর পরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।