বনগাঁ পুরসভা, বাদ যাওয়া ভোটারের ৮০ ভাগ মতুয়া, বাড়ছে ক্ষোভ
বর্তমান | ১১ মার্চ ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: কোনো আশ্বাসেই কাজ হল না। মতুয়াগড়ে আশঙ্কার খাঁড়া ঝুলেই রয়েছে। এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে, কোপে পড়েছেন মতুয়ারাই। উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা জুড়ে উদ্বেগের ছবি। আরও ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে, শুধু বনগাঁ পুরসভার তালিকা ঘাঁটলে।
শুধু বনগাঁ পুরসভায় বাদ গিয়েছে ৩ হাজার ৯১২ জনের নাম। যার মধ্যে প্রায় ৮০ শতাংশ মতুয়া। বিচারাধীন রয়েছেন ২ হাজার ৮৫৫ জন। এর সিংহভাগই মতুয়া সম্প্রদায়ের, দাবি মতুয়া নেতৃত্বের। তালিকা দেখার পর থেকে ক্ষোভের পারদ চড়ছে। যা নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন তাঁরা। মতুয়াদের দাবি, এসআইআর হওয়ার সময় বিজেপি নেতারা বার বার বলেছেন কোনো মতুয়ার নাম বাদ যাবে না। কিন্তু ভোটার তালিকা প্রকাশ হতেই উলটো ছবি। তৃণমূলের দাবি, বিজেপি রোহিঙ্গাদের নাম করে মতুয়াদের নাম কেটেছে এসআইআরের মাধ্যমে। বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডে বাদ যাওয়া ভোটারের প্রায় ৮০-৯০ শতাংশ মতুয়া বলে জানা গিয়েছে। অল ইন্ডিয়া মতুয়া সংঘের বনগাঁ মহকুমা কমিটির যুগ্ম সম্পাদক মনোজ টিকাদার বলেন, বনগাঁ পুরসভায় নাম বাদ যাওয়া মোট ভোটারের ৮০ শতাংশের বেশি মতুয়া। বিচারাধীন থাকা সিংহভাগ ভোটারও মতুয়া সম্প্রদায়ের।
পুরসভার অন্যতম মতুয়া অধ্যুষিত ১১ নম্বর ওয়ার্ড। মোট ভোটার ৩ হাজার ৪৫৮ জন। চূড়ান্ত তালিকায় ৩৯৬ জনের নাম বাদ গিয়েছে। বিচারাধীন ১৬৬ জন। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শম্পা মোহন্ত বলেন, ওয়ার্ডে ৮০ শতাংশ মতুয়া সম্প্রদায়ের বাস। বহু ভোটারের সঠিক প্রমাণ পত্র দেওয়া সত্ত্বেও তাঁদের নাম কাটা গিয়েছে। ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতুয়া গোঁসাই তপন মিস্ত্রি বলেন, আমি ভারতীয় নাগরিক। আমার জন্ম এখানে। শুনানিতে সমস্ত কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও আমার নাম কাটা গেল। ২১ নম্বর ওয়ার্ডে ৩৬৫ জনের নাম বাদ গিয়েছে। একইভাবে ১৯ নম্বর ও ২২ নম্বর মতুয়া অধ্যুষিত ওয়ার্ডে ৩১৬ ও ২৯০ জনের নাম বাদ গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। যার সিংহভাগ ভোটার মতুয়া। বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মনোতোষ নাথ বলেন, বিজেপি বুঝতে পেরেছে মতুয়ারা ওদের পাশে নেই। তাই চক্রান্ত করে মতুয়াদের নাম বাদ দিয়েছে। যদিও বিজেপির দাবি, তৃণমূল বিএলওরা দলের নির্দেশে মতুয়াদের নাম বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে।