• ভোটে গণ্ডগোলে নাম জড়ালেই গ্রেপ্তার, ১০ হাজার ‘দাগি’কে কড়া হুঁশিয়ারি জেলা পুলিশের
    বর্তমান | ১১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের সময় অশান্তি পাকাতে পারে, এরকম প্রায় ১০ হাজার ‘দাগি’ দুষ্কৃতীকে চিহ্নিত করেছে দক্ষিণ ২৪ পরগনার তিনটি পুলিশ জেলা। নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে। তাদের আগাম সতর্কবাণী দিয়েছে পুলিশ। বলে দেওয়া হয়েছে, গোলমালে নাম জড়ালেই গ্রেপ্তার করা হবে। গত তিন মাসে বিভিন্ন থানা এলাকা থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে এই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনে। ভোট যাতে শান্তিতে হয়, সেটাই মূল লক্ষ্য কমিশনের। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বাড়তি জোর দিতে বলা হয়েছে পুলিশকে। নিয়ম অনুযায়ী, ভোটের আগে থেকেই ‘দাগি’-দের সতর্ক করতে নেমে পড়েছিল পুলিশ। প্রতি নির্বাচনের আগেই অপরাধীদের বাগে রাখতে পুলিশ-প্রশাসন থেকে এমন পদক্ষেপ করা হয়। প্রাক-নির্বাচন পর্বে বা ভোটের দিন ভোটারদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ যেন কেউ আটকাতে না পারে, তার জন্য এই দুষ্কৃতীদের আইনের প্যাঁচে দমিয়ে রাখার কৌশল নেওয়া হয়। পুলিশের পরিভাষায় একে বলে ‘বাউন্ড ডাউন’। অর্থাৎ, আইনের বিশেষ ধারায় চালান কাটা হয় এদের নামে। শর্ত হল, গোলমাল করা যাবে না এবং অশান্তিতে কোনোভাবে নাম জড়ানো যাবে না। অন্যথা হলেই সোজা গারদে। এবার কমিশন এ ব্যাপারে অনেক আগে থেকেই পুলিশের রিপোর্ট তলব করেছিল। প্রতি সপ্তাহে জমা পড়ছিল তথ্য। কমিশন সূত্রে খবর, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শুধু ডায়মন্ডহারবার পুলিশ জেলাতেই চার হাজারের বেশি দুষ্কৃতীকে কড়া বার্তা দিয়ে পরিণতির কথা বুঝিয়ে দেওয়া হয়েছে। বারুইপুর ও সুন্দরবন পুলিশ জেলায় বাকি ছ’হাজার এমন ‘দাগি’-কে সতর্ক করা হয়েছে। প্রায় সব জায়গা থেকে এক-দু’জন করে এমন দাগি পাওয়া গিয়েছে। তবে সোনারপুর, বাসন্তী, জীবনতলা, জয়নগর, উস্তি, ডায়মন্ডহারবার, কুলপি থানা এলাকায় এই সংখ্যা কিছুটা বেশি। কমিশনের দাবি, পুলিশের খাতায় আগের নির্বাচনে গোলমাল পাকাতে গিয়ে ধরা পড়েছিল, এলাকায় অশান্তি পাকিয়ে গ্রেপ্তার হয়েছে, ভোটারদের চমকানো ধমকানো প্রভৃতি কাজে অভিযুক্ত—এমন দুষ্কৃতীদেরই কড়া বার্তা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জামিন অযোগ্য ধারায় যাদের বিরুদ্ধে মামলা ছিল, কিন্তু হয় তারা পালিয়ে বেড়াচ্ছিল বা কোনোভাবে গ্রেপ্তারি এড়াচ্ছিল, এমন প্রায় ৬ হাজার ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)