• ইরানের বন্দরে আটকে গাইঘাটার ইঞ্জিনিয়ার, উৎকণ্ঠায় পরিবার
    বর্তমান | ১১ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: যুদ্ধে ভয়াবহ অবস্থা মধ্যপ্রাচ্যের। এই পরিস্থিতিতে ইরানের বন্দর আব্বাসে আটকে আছেন গাইঘাটায় বকচারা গ্রামের বাসিন্দা গৌতম দেবনাথ। পরিবার সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত তিনি। ইরানের বন্দর আব্বাসে ৪০ দিন ধরে আটকে তাঁদের জাহাজ। তিনি জাহাজের কাজে গিয়েছেন গত ডিসেম্বরে। দিন ৪০ আগে শ্রীলঙ্কা থেকে তাঁদের জাহাজ রওনা দেয়। শেষমেশ ইরানে গিয়ে আটকে
    পড়ে। মোবাইল নেটওয়ার্ক এতটাই দুর্বল যে গৌতমবাবু বাড়ির সঙ্গে যোগাযোগই করতে পারছিলেন না। তাই পরিবারের সকলে উদ্বেগে ছিলেন।

    এরই মধ্যে একদিন ফোনে যোগাযোগ করতে পেরে গৌতমবাবু পরিবারকে জানান, তাঁদের জাহাজের পিছনে অন্য একটি জাহাজ ছিল। গতকাল মিসাইল আক্রমণে সেটি ধ্বংস হয়ে গিয়েছে। তারপর থেকে আতঙ্ক বেড়েছে তাঁদের। বাড়ি ফেরার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আরজি জানিয়েছেন গৌতমবাবু।

    টিভিতে যুদ্ধের খবর দেখে বাড়ির ছেলের জন্য চিন্তায় ঘুম উড়েছে সবার। গৌতমবাবুর স্ত্রী সংগীতা রায় বলেন, বন্দর আব্বাসে প্রায় ৪০ দিন ধরে জাহাজের মধ্যে আটকে রয়েছেন আমার স্বামী। সেখানে মোবাইল নেটওয়ার্ক ভালো নয়। তাই ঠিকমতো যোগাযোগ করা যাচ্ছে না। ওঁদের জাহাজে পর্যাপ্ত খাবার এবং জল অবশ্য আছে। তবুও আতঙ্কে রয়েছি আমরা সকলেই। বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা। ছেলের এই বিপদের কথা অবশ্য তাঁকে জানানো হয়নি। আমার স্বামী যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, এই আরজি জানানো হয়েছে সরকারের কাছে।
  • Link to this news (বর্তমান)