• পড়ুয়া বিক্ষোভের জের, যাদবপুরে ভেস্তে গেল অতিথি অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ
    বর্তমান | ১১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়ুয়াদের বিক্ষোভে স্থগিত হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অতিথি অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ। মঙ্গলবার এই ইন্টারভিউ ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান পড়ুয়ারা। এই প্রথম অতিথি অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে প্রথা ভেঙে একজন বিভাগীয় অধ্যাপককে ইন্টারভিউ বোর্ডে রাখা হয়েছিল। ঘটনাচক্রে সেই অধ্যাপকের উত্তরপত্র মূল্যায়নের অনিয়মের অভিযোগেই তাঁর ক্লাস বয়কট করে আসছেন ছাত্রছাত্রীরা। এই বিভাগকে দু’টি পৃথক স্কুলে ভেঙে দেওয়া হচ্ছে। বিভাগীয় প্রধান সাংবাদিকতার জন্য নির্দিষ্ট স্কুলটির অংশ নন। তাই সাংবাদিকতার একজন অধ্যাপককে নেওয়া হয়েছে বলে যুক্তি দিয়েছিল কর্তৃপক্ষ। যদিও পড়ুয়ারা এই যুক্তি মানতে নারাজ। বিভাগীয় প্রধানও এর বিরোধিতা করেন। এমনকি পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে উপাচার্যকে চিঠিও দিয়েছিলেন। এ প্রসঙ্গে উপাচার্যের বক্তব্য ছিল, যেহেতু ১ এপ্রিল থেকেই বিভাগটি দু’টি পৃথক স্কুল হিসেবে পথ চলা শুরু করবে, তাই ইন্টারভিউ বোর্ডে ওই অধ্যাপককে রাখতে হয়েছে বিভাগীয় প্রধান এবং ডিনের পাশাপাশি। তাই এনিয়ে বিতর্ক অমূলক।
  • Link to this news (বর্তমান)