ডায়মন্ডহারবার: বার কাউন্সিলের নির্বাচনে ভোট দিলেন প্রতীক উর
বর্তমান | ১১ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এই প্রথম তৃণমূলকে ভোট দিলেন প্রতীক উর রহমান। এমনই দাবি করলেন তিনি। মঙ্গলবার রাজ্য বার কাউন্সিলের নির্বাচন ছিল। এদিন ডায়মন্ডহারবার আদালতে এসে খোশমেজাজেই ছিলেন প্রতীক উর। বার কাউন্সিল নির্বাচনে সরাসরি কোনো দলের প্রতীক চিহ্ন থাকে না। তাই বলা ভালো, তাঁর দাবি মতো, প্রতীক উর এদিন তৃণমূলপন্থী আইনজীবীদেরই ভোট দিয়েছেন। প্রাক্তন এই বাম নেতা আইন পাশ করলেও আইনজীবী পেশায় আসেননি। তবে বার কাউন্সিলের সদস্য তিনি। সেই হিসাবেই এদিন ডায়মন্ডহারবার আদালতে এসে ভোট দেন প্রতীক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, সিপিএম আমার কাছে এখন ক্লোজড চ্যাপ্টার। নতুন অধ্যায় তৃণমূল কংগ্রেস। এই সরকার যেমন সমস্ত মানুষের পাশে রয়েছে, আমিও তৃণমূলের হয়ে মানুষের জন্য কাজ করে যাব। সব আইনজীবীদের পাশেও রয়েছি এবং থাকব।