অটো আছে গ্যাস নেই, যন্ত্রণার দীর্ঘ অপেক্ষায় যাত্রীরা, আচমকা বাড়ল বহু রুটের ভাড়া
বর্তমান | ১১ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিরক্ত যাত্রীরা বলছেন, ‘রান্নার গ্যাসের অপেক্ষাতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অটোর লাইনেও দাঁড়িয়ে থাকছি। শুধু লাইনে দাঁড়িয়েই দিন বরবাদ হচ্ছে।’ অটো চালকরা বলছেন, ‘পাম্পে গ্যাসের ভয়ানক আকাল। অনেক জায়গাতেই ফুল ট্যাঙ্ক গ্যাস দিচ্ছে না। একদিন অন্তর ৩ থেকে ৪ ঘণ্টা পাম্পের লাইনে দাঁড়াতে হচ্ছে। ১০ ঘণ্টা গাড়ি চালালে ৪ ঘণ্টা দাঁড়াতে হচ্ছে গ্যাস ভরাতে। এভাবে নিজের কাছে কত টাকা রাখব? আর মালিককেই বা কত দেব?’ সবমিলিয়ে যুদ্ধের আঁচে পুড়ছে আমজনতার জীবন। কেন্দ্রীয় সরকার যতই আশ্বাস দিক বাস্তব পরিস্থিতি নাকানিচোবানি খাইয়ে ছাড়ছে সাধারণ মানুষকে।
মঙ্গলবার দুপুরে গড়িয়া মোড়ে গোলপার্কগামী অটোর অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে মানুষ। সোনারপুর বা বারুইপুর যাওয়ার অটো সংখ্যা কম। টালিগঞ্জগামী অটোও কম। ফাঁকা স্ট্যান্ডে যাত্রীরা এসে বলছেন, ‘হলটা কী?’ অটো চালকদের মধ্যে আলোচনা, কে কতক্ষণ লাইন দিয়ে কোন পাম্প থেকে কত কেজি এলপিজি পেলেন। দক্ষিণ শহরতলির গড়িয়া মহামায়াতলার পাম্পে মঙ্গলবার সকাল থেকে অটোর লম্বা লাইন। সাউথ সিটির পাশের পাম্পের লাইন চলে গিয়েছে বহুদূর। কেউ দাঁড়িয়ে তিন ঘণ্টা, কারো ৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। মহামায়াতলার পাম্প কর্তৃপক্ষ জানালেন, আর মেরেকেটে দু’দিন হয়ত গ্যাস মিলবে। তারপর গাড়ি না এলে জোগান বন্ধ।
গ্যাসের সংকট দেখা দিতে পারে এই আশঙ্কায় একাধিক রুটে অটো ভাড়া গিয়েছে বেড়ে। বারুইপুর রেলগেট থেকে গড়িয়া, জুলপিয়া, ক্যানিং রুটের ভাড়া বেড়েছে। ফলে দীর্ঘ অপেক্ষার পর যাত্রীদের বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। তবে খাতায়কলমে দাবি, শহরের মধ্যে কোনও অটো রুটের ভাড়া বাড়ানো হয়নি। এর পাশাপাশি উঠছে গ্যাস নিয়ে কালোবাজারির অভিযোগ। বারুইপুর পেট্রোল পাম্পে ৪০ টাকার গ্যাস ৭০ টাকায় বিক্রি হচ্ছে, গ্যাস মজুত করে রাখা হচ্ছে বলে অভিযোগ। উল্টোডাঙা-বাগুইআটি রুটের অটোচালক সোমনাথ দত্ত বলেন, ‘সোমবার বেঙ্গল কেমিক্যাল গ্যাস পাম্পে ২ ঘণ্টা দাঁড়ালাম, পেলাম না। তারপর মানিকতলা, খান্না, বাঙ্গুর, নাগেরবাজারেও গ্যাস না পেয়ে বাড়ি ফিরে যাই।’ গড়িয়ায় লাইনে দাঁড়িয়ে এক যাত্রী বলেন, ‘সমস্যার শেষ নেই। এসআইআর নিয়ে নাস্তানাবুদ করে ছাড়ছে। এবার গ্যাসের জন্য লাইন। সেই নোটবন্দি দিয়ে লাইন শুরু হয়েছে। চলতেই থাকছে।’ সোনারপুর রুটের অটো চালক রাজু দাস বলেন, ‘মহামায়াতলায় সব রুটের চালকরা আসছেন। ৪ ঘণ্টা লাইনে দাঁড়ালে গাড়ি চালাব কখন?’
এর পাশাপাশি সমস্যায় সিনজি চালিত অ্যাপ ক্যাব চালকরাও। এদিন দুপুরে পাটুলির পেট্রল পাম্পে সাদা গাড়ির দীর্ঘ লাইন। ক্যাব চালক লাল্টু সরকার বলেন, ‘সব কাজ ফেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি।’