ফের ইডি-র অভিযান পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে। বুধবার সকালে ইডি-র তদন্তকারীরা দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে অম্বুজা নগরীতে মনোরঞ্জনের বাড়িতে হানা দেন। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বাড়ি। চলছে তল্লাশি।
জানা গিয়েছে, ইডি এ দিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই তাঁর গেটে এটি নোটিস টাঙিয়েছে। তাতে লেখা রয়েছে, আগামী ১৩ মার্চ দুপুর ১২-১টার মধ্যে হাজিরা দিতে হবে। এই নিয়ে বুদবুদ থানার প্রাক্তন ওসিকে তৃতীয় বার সমন ধরাল ইডি। এদিনও বাড়ির ভিতরে নথিপত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছেন অফিসাররা বলে সূত্রের খবর। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের।
ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় প্রোটেকশন মানির লেনদেনের সঙ্গে যোগসূত্র রয়েছে মনোরঞ্জন মণ্ডলের। অভিযোগ, কয়লা ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনিও। সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি বলে খবর।
এর আগেও কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) গত ৩ ফেব্রুয়ারি তৎকালীন বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি। এর পরে তাঁকে একাধিকবার তলবও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী তাঁর স্ত্রীকেও তলব করা হয়। কিন্তু তিনি যাননি।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে বুদবুদ থানার ওসির দায়িত্ব পেয়েছিলেন মনোরঞ্জন মণ্ডল। কিছুদিনের মধ্যেই চার্জ নেওয়ার কথা ছিল তাঁর। ইডির তরফ থেকে অভিযোগ ওঠার পরই ওসি পদ থেকে সরিয়ে ওই পুলিশ আধিকারিককে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। ২০২৪ সালে বারাবনি থানার ওসি থাকাকালীন দুর্নীতি যোগে তাঁকে সাসপেন্ড করা হয়।