• গুলি চালিয়ে বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ, উত্তেজনা গঙ্গাসাগরে
    এই সময় | ১১ মার্চ ২০২৬
  • বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বুধবার সাতসকালে ঘটনাটি ঘটে গঙ্গাসাগর উপকূল থানা এলাকায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হলেও বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, আক্রান্ত বিজেপির নাম ত্রিলোকেশ ঢালি। অভিযোগ, এ দিন দুই দুষ্কৃতী বাইক নিয়ে এসে আচমকা ত্রিলোকেশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারাই রক্তাক্ত ত্রিলোকেশকে উদ্ধার করে স্থানীয় সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।

    সূত্রের খবর, প্রতিদিনের মতো এ দিন সকালেও ত্রিলোকেশ এলাকায় বেরিয়েছিলেন। সেই সময় দুই দুষ্কৃতী ত্রিলোকেশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তার পরেই চম্পট দেয় তারা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ত্রিলোকেশ।

    গুলির শব্দ শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশকে। ত্রিলোকেশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে ত্রিলোকেশের উপর হামলা চালানো হলো, তা এখনও জানা যায়নি। কারণ খতিয়ে দেখছে পুলিশ।

    অন্যদিকে এই হামলার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ত্রিলোকেশের পরিবারের লোকজন। আহত ত্রিলোকেশের ছেলে ত্রিদীপ ঢালি বলেন, ‘আসন্ন নির্বাচনে বাবার বিজেপির টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণেই রাজ্যের শাসক দলের মদতে দুষ্কৃতীরা বাবাকে খুনের চেষ্টা করেছে।’

    মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, ‘বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে যে কোনও কিছুতেই তৃণমূলকে দোষ দেওয়া। এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দেরই ফল। আমরাও পুলিশকে বলেছি মূল অভিযুক্তকে খুঁজে যথাযথ শাস্তি দেওয়ার জন্য।’

  • Link to this news (এই সময়)