• সার্ভার বিভ্রাট!‌ অনলাইনে গ্যাস বুকিংয়ে সমস্যা, ডিস্ট্রিবিউটরের অফিসে লম্বা লাইন
    আজকাল | ১১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সংঘাতের আঁচ এবার এসে পড়ল হেঁশেলে। কলকাতা থেকে জেলা, এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। অনলাইনে গ্যাস বুকিং করা যাচ্ছে না। জানা গিয়েছে, একসঙ্গে অনেকেই বুকিং করতে চাওয়ায় সার্ভার বিভ্রাট দেখা দিয়েছে। এদিকে, অনলাইনে গ্যাস বুকিং করতে না পেরে অনেকেই ডিস্ট্রিবিউটরের অফিসে ভিড় জমিয়েছেন।

    কলকাতা থেকে জেলা সর্বত্রই এক ছবি। কেন্দ্র সম্প্রতি জানিয়েছে, একটি গ্যাস বুকিংয়ের পর পরবর্তী গ্যাস বুকিং করা যাবে ২৫ দিন পর। আগে কেন্দ্র জানিয়েছিল, ২১ দিন পর বুকিং করা যাবে। কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, বুকিং করা যাবে ২৫ দিন পর। আর এই বিজ্ঞপ্তির পরেই মাথায় হাত পড়েছে হোটেলগুলির। এমনকী মাথায় হাত আমজনতারও।

    অনেক বাড়িতেই দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি সিলিন্ডার শেষ হয়ে যায়। তারা পড়েছেন বিপদে। আর হোটেলে তো দিনে দুই থেকে তিনটে করে সিলিন্ডার লাগে অন্তত। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে গ্যাস সিলিন্ডারের জোগানে ঘাটতি দেখা দিয়েছে।

    অনেকেই বুকিং করেও গ্যাস পাচ্ছেন না। তার উপর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একধাক্কায় ৬০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। ৮৭৯ টাকা থেকে বেড়ে সিলিন্ডারের দাম হয়েছে ৯৩৯ টাকা।

    উঠছে সময়মতো সিলিন্ডার না পাওয়ার অভিযোগ। অনেকেই পড়েছেন সমস্যায়। সবচেয়ে সমস্যায় পড়েছেন বয়স্ক ব্যক্তিরা। দীর্ঘক্ষণ ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্যাস বুকিং করার জন্য। কারণ লাইন হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ জানেনা।

    এদিকে, এই পরিস্থিতিতে আইআরসিটিসি জানিয়েছে, আপাতত বিকল্প জ্বালানি হিসেবে ইন্ডাকশন ওভেন ব্যবহার করার। এই পরামর্শ দেওয়া হয়েছে আমজনতাকে।
  • Link to this news (আজকাল)