• বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত তরুণী, সিসিটিভিতে ভয়াবহতা দেখে শিউরে উঠছেন নেটিজ়েনরা
    এই সময় | ১১ মার্চ ২০২৬
  • পুনের সুস এলাকায় সিমেন্ট মিক্সার ট্রাকের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত তরুণী। তাঁর নাম অঞ্জলি শঙ্কর সালভে (১৮)। ৫ মার্চ বিকেলে পুনের সুস-নান্দে রোড এলাকায় ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে এসেছে বুধবার। অঞ্জলি স্কুটারে চেপে যাচ্ছিলেন। আচমকা দ্রুত গতির ওই ট্রাক তাঁকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে যান অঞ্জলি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুরো ঘটনা ধরা পড়েছে রাস্তার ধারের সিসিটিভি ক্যামেরায়।

    সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অঞ্জলি যখন স্কুটার চালিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই পিছন থেকে ট্রাকটি সজোরে ধাক্কা মারে তাঁকে। এর পর ভারী ট্রাকটি তাঁর উপর দিয়ে চলে যায়। ছুটে যান স্থানীয় এবং পথচলতি মানুষ। তাঁরাই খবর দেন পুলিশে।

    বাউধন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অঞ্জলিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক রাজপাল কাসবেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাকটি যে নির্মাণ সংস্থার ছিল, সেই সংস্থার মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও, পুলিশ খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজও।

    পুলিশের অভিযোগ, রাস্তার নিরাপত্তা বিধি সঠিক ভাবে না মানার কারণেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালককে জেরা করে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। জনবহুল রাস্তায় এমন ভারী গাড়ি চলাচলের উপর কড়া বিধিনিষেধের দাবি জানিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)